মালয়েশিয়াপ্রবাসী ৬ লাখ বাংলাদেশি এমআরপি পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের জন্য ছয় লাখ যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) তৈরির ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সচিবালয়ে গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। আওয়ামী লীগের বর্তমান মেয়াদের সরকারের প্রথম ক্রয় কমিটির এ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
নুরুল করিম জানান, প্রতি পাসপোর্টে খরচ পড়বে ১৮ ডলার করে। ১৮ মাসে এ কাজ করে দেবে ‘ডাটা এজ আই পিপল কনসোর্টিয়াম’ নামের প্রতিষ্ঠান। আবেদনকারীদের হাতে হাতে এমআরপি পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
জানা গেছে, মালয়েশিয়ার আটটি অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের আবেদনপত্র গ্রহণ করা হবে। সেগুলো ঢাকায় এনে পাসপোর্টের যাবতীয় কাজ শেষ করে পাঠানো হবে মালয়েশিয়ায়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইএসএও) বিধি অনুযায়ী ২০১৫ সালের মার্চের পর থেকে হাতে লেখা পাসপোর্ট নিয়ে বিদেশে চলাচল করা যাবে না।
নুরুল করিম জানান, এটিসহ মোট ছয়টি প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এর মধ্যে রয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন ১৫১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে চারটি জাহাজ কেনা। দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও খুলনা বন্দরের জন্য দুটি করে জাহাজ কেনা হবে মূলত বিআইডব্লিউটিসির জন্য। প্রতি জাহাজের দাম পড়বে ৩৭ কোটি ৮৭ লাখ টাকা করে।
জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ডিজাইন ও নির্মাণকাজ তদারকির পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে বৈঠকে। সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) সংযোগ-সড়ক প্রকল্পের আওতায় ৭০ কিলোমিটার রাস্তা চার লেন হবে। ১০৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের এ কাজ পেয়েছে কোরিয়া, ভারত ও বাংলাদেশের যৌথ প্রতিষ্ঠান কুনহুয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালট্যান্ট কোম্পানি লিমিটেড।
এ ছাড়া চট্টগ্রাম বন্দরে সাধারণ কার্গো বার্থে (জিসিবি) মালামাল হ্যান্ডলিংয়ে পাঁচ ঠিকাদার নিয়োগ এবং সাতটি বিদ্যুতের ট্রান্সফরমার ও ৫০ হাজার টন গম ক্রয়ের তিনটি প্রস্তাব অনুমোদিত হয়েছে।