মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের মেলা নভেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আগামী ১৪ নভেম্বর থেকে বাংলাদেশি পণ্যের মেলা শুরু হতে যাচ্ছে। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে তিন দিনের এ মেলার আয়োজন করছে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)।
এ নিয়ে তৃতীয়বার মালয়েশিয়াতে মেলা আয়োজন করা হচ্ছে। এর আগে ২০১০ ও ২০১২ সালে এ ধরনের মেলা অনুষ্ঠিত হয়।
রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন বিএমসিসিআইয়ের নেতারা। তাঁরা বলেছেন, মালয়েশিয়ায় বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা এবং এ দেশে তাদের বিনিয়োগকে আকৃষ্ট করাই এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনে মেলা আয়োজন কমিটির চেয়ারম্যান এবং সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ বিশ্বব্যাপী একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। কিন্তু একে আমরা ঠিকমতো ব্র্যান্ডিং করতে পারছি না। সে কারণেই আমরা বাংলাদেশকে মালয়েশিয়ায় ব্র্যান্ডিং করতে চাই।’
নুরুল ইসলাম বলেন, ১৬ কোটি মানুষের এই বাজার আসলেই বড় এবং তা ক্রমেই বাড়ছে। সে দিকটি মালয়েশিয়ায় তুলে ধরা হবে যেন সেখানকার বিনিয়োগকারীরা এই সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিনিয়োগে এগিয়ে আসে।
ঢাকায় মালয়েশিয়া দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার আহমেদ ফাকিরি জাকিয়ান বলেন, এই মেলা মালয়েশিয়ার বিনিয়োগকারীদের এ দেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করবে।
বিএমসিসিআইয়ের অপর সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বাংলাদেশের দক্ষ শ্রমিকের জন্য মালয়েশিয়া বসে আছে। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত বড়জোর তিন হাজার মানুষ সেখানে গেছে। কিন্তু তাদের দরকার ১২ লাখের মতো। সরকার যদি পাঁচ লাখ শ্রমিকও পাঠাতে পারে তাহলেও ১০০ থেকে ১৫০ কোটি ডলার রেমিটেন্স দেশে আনা সম্ভব, যা দুই দেশের বর্তমান বাণিজ্য ঘাটতি পুরোপুরি পুষিয়ে দেবে।’
আয়োজকেরা জানান, এ দেশ থেকে ৫০টি ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠান ওই মেলায় অংশ নিচ্ছে। মেলায় ৬০ থেকে ৭০টি স্টল থাকবে।
মেলা আয়োজনে বিএমসিসিআইকে সহযোগিতা করছে মালয়েশিয়ায় বাংলাদেশি হাইকমিশন, মালয়েশিয়ার সাউথ-সাউথ অ্যাসোসিয়েশন এবং মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিএমসিসিআইয়ের সভাপতি নাসির এ খান।