মালয়েশিয়ায় শুল্কমুক্ত সুবিধার কথা জানেন না রপ্তানিকারকেরা
মালয়েশিয়া সরকার ৩০০টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা দিয়েছে। এর মধ্যে তৈরি পোশাকও রয়েছে। মালয়েশিয়ায় তৈরি পোশাকের বাজার অন্তত ১০০ কোটি ডলারের। কাছের দেশ হওয়ার পরও সেটা ধরা যাচ্ছে না। কারণ, দেশের বেশির ভাগ রপ্তানিকারকই শুল্কমুক্ত সুবিধার বিষয়টি জানেন না।বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।দ্বিতীয়বারের মতো মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের একক মেলা আয়োজন উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার। ২০১০ সালে প্রথম এ ধরনের মেলা অনুষ্ঠিত হয়।আগামী ১৩ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুরের এক্সচেঞ্জ ট্রেড সেন্টার ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হবে এই মেলা। চলবে আরও দুই দিন। সে দেশে বাংলাদেশি হাইকমিশন, মালয়েশিয়া সাউথ-সাউথ অ্যাসোসিয়েশন, মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের সহযোগিতায় মেলার আয়োজন করা হচ্ছে।মেলা আয়োজন কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি খুব একটা সুখকর নয়। তবে অন্য সব দেশে যা-ই হোক না কেন, মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি ভালো। মালয়েশিয়া ইতিমধ্যে এ দেশে ১৪০ কোটি টাকা বিনিয়োগ করেছে।মেলার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো যায় কি না জানতে চাইলে মোয়াজ্জেম হোসেন বলেন, ২০১০ সালে মেলা আয়োজন করার আগে মালয়েশিয়ায় রপ্তানির পরিমাণ ছিল তিন কোটি ৭০ ডলার। মেলার পর তা বেড়ে দাঁড়ায় ছয় কোটি ১০ লাখ। গত বছর মেলা না করায় রপ্তানি কমে দাঁড়িয়েছে চার কোটি ৩০ লাখ।বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সভাপতি সৈয়দ নুরুল ইসলাম বলেন, মালয়েশিয়া সব মিলিয়ে ২০ হাজার কোটি ডলারের পণ্য আমদানি করে। কিন্তু এ দেশ থেকে মালয়েশিয়ায় রপ্তানি হয় মাত্র চার কোটি ৩০ লাখ ডলারের পণ্য। চেম্বারের সভাপতি বলেন, মালয়েশিয়ায় কর্মরত পাঁচ লাখ বাংলাদেশি যদি বৈধ উপায়ে দেশে টাকা পাঠান, তাহলে সে দেশ থেকে রেমিট্যান্সের পরিমাণ বেড়ে ১৫০ কোটিতে দাঁড়াবে। মালয়েশিয়া আরও ১১ লাখ লোক নেবে। আর তাদের কাছে বাংলাদেশের দক্ষ শ্রমিকের চাহিদা বেশি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় ৭০টি স্টল থাকবে। ব্যাংক, পর্যটন খাত, খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, সিরামিকস, চামড়াজাত পণ্য, হস্তজাত পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এতে অংশ নেবে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠান স্টল দিতে সক্ষম হবে না, তাদের জন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে একান্ত আলাপচারিতার ব্যবস্থা করা হবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেম্বারের মহাসচিব আলমগীর জলিল, ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক এম হাসান আলী, ইস্টার্ন ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা তৌফিকুল আলম চৌধুরী প্রমুখ। এই তিনটি ব্যাংক মেলার অন্যতম সহ-পৃষ্ঠপোষক।