মালয়েশিয়ায় ৪৩০ কোটি টাকার আলু রপ্তানি করছে সাউথপোল গ্রুপ
স্থানীয় ‘সাউথপোল গ্রুপ’ চলতি মৌসুমে মালয়েশিয়ার একটি আমদানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় সাত কোটি মার্কিন ডলার মূল্যের আড়াই লাখ মেট্রিক টন ‘লেডিরোজেটা’ জাতের আলু রপ্তানির আদেশ পেয়েছে।উল্লিখিত পরিমাণ আলু রপ্তানির মাধ্যমে প্রায় ৪৩০ কোটি টাকার (প্রতি ডলারে ৬৯ টাকা হিসাবে) মতো বৈদেশিক মুদ্রা উপার্জিত হবে বলে সাউথপোল গ্রুপের কর্মকর্তারা আশা করছেন।মালয়েশিয়ার একটি চিপস ও খাদ্যপণ্য প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশ থেকে ‘লেডিরোজেটা’ জাতের এ আলু আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। কোম্পানিটির সঙ্গে আলোচনা চূড়ান্ত হওয়ায় সাউথপোল গ্রুপ ইতিমধ্যে বাজারমূল্যের প্রায় তিনগুণ বেশি দামে জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি আলু কিনে বাছাই ও প্যাকিং করাসহ রপ্তানি প্রক্রিয়ার অন্যান্য কাজ করছে।সাউথপোলের পরিচালক নাফিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘লেডিরোজেটা রপ্তানির ব্যাপারে মালয়েশিয়ার ওই প্রতিষ্ঠানটির সঙ্গে সবকিছুই চূড়ান্ত। মার্চের প্রথম দিকে চুক্তি সম্পাদন করে আলু রপ্তানি শুরু হবে বলে তিনি জানান। তিনি বলেন, দেশে সাধারণত ‘গ্যানোলা’ ও ‘ডায়মন্ড’ জাতের আলু উত্পাদন হয়। এর মধ্যে গ্যানোলা জাতের আলু সাধারণ খাবার হিসেবে ও ডায়মন্ড জাতের আলু দেশীয় চিপস কোম্পানিগুলো ব্যবহার করে। এ অবস্থায় দেশীয় চিপস কোম্পানিগুলোর চাহিদার কথা বিবেচনা করে ‘সাউথপোল গ্রুপ’ এবার দেশে হল্যান্ড থেকে ‘লেডিরোজেটা’ নামের নতুন জাতের আলুর বীজ নিয়ে আসে।এ দিকে বিদেশে রপ্তানিযোগ্য ‘লেডিরোজেটা’ জাতের আলু চাষ করে স্থানীয় কৃষকেরা এখন দারুণ খুশি। তাঁরা জানান, প্রতি একরে এ আলুর ফলন হয় ৩০০ মণের মতো। আবার দামও অনেক বেশি। উদ্যোক্তারা জানান, মালয়েশিয়ার বাজারে প্রতিটন ডায়মন্ড আলুর রপ্তানিমূল্য ১৮৫ মার্কিন ডলার। অথচ ‘লেডিরোজেটা’র রপ্তানিমূল্য ২৭৫ মার্কিন ডলার। সাউথপোল গ্রুপের আরেক পরিচালক করিম নেওয়াজ জানান, ‘চলতি উত্পাদন মৌসুমে তাঁদের কাছ থেকে ‘লেডিরোজেটার’ জাতের বীজ নিয়ে খামার পর্যায়ে আলু উত্পাদনে গেছে ‘বোম্বে এগ্রো’ (বম্বে সুইটস), পিএইচপি গ্রুপ, র্যাংগস এগ্রো, ইস্পাহানি গ্রুপ, ইজাব গ্রুপ, ইউজাম, রংপুর হিমাগার, মন্ত্রী খামার, ফুলবাড়ী হিমাগার, বাগমারা হিমাগারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এ ছাড়া কালাই উপজেলার কৃষকদের মধ্যেও তারা লেডিরোজেটা আলুর বীজ সরবরাহ করেছে। পাশাপাশি কৃষকদের উত্পাদিত আলু সর্বোচ্চ দামে কিনে নেওয়ারও প্রতিশ্রুতি দেয়। সে অনুযায়ীই কালাইয়ের কৃষকদের কাছ থেকে তারা ‘লেডিরোজেটা’ আলু কিনছে। কালাই উপজেলা কৃষি কর্মকর্তা এ বি এম মোস্তাফিজুর রহমান বলেন, সাউথপোল গ্রুপ কৃষকদের অন্যান্য জাতের চেয়ে প্রায় তিন গুণ বেশি দামে লেডিরোজেটা আলু কিনছে। এর ফলে কৃষকেরা যেমন ন্যায্যমূল্য পাচ্ছেন তেমনি বৈদেশিক মুদ্রা অর্জন তথা দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন।