মালয়েশীয় কোম্পানির অবৈধ আবাসন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা, মেলা বন্ধ করে দিল লেকশোর হোটেল কর্তৃপক্ষ

আইন অনুযায়ী দেশের বাইরে ফ্ল্যাট বা জমি কেনার কোনো সুযোগ নেই। এরপরও দ্য মেরিন নামে মালয়েশিয়ার একটি আবাসন প্রতিষ্ঠান গতকাল রোববার রাজধানীর লেকশোর হোটেলে একটি মেলার আয়োজন করে। প্রতিষ্ঠানটির সাত-আটজন কর্মকর্তা বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট কিনতে প্রলোভন দেখান। পরে হোটেল কর্তৃপক্ষ দুপুরের আগেই মেলার কার্যক্রম বন্ধ করে দেয়।

এদিকে মালয়েশিয়ার প্রতিষ্ঠানের মেলা আয়োজনের ঘটনার সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংকও। সতর্কতায় বলা হয়েছে, অবৈধভাবে অর্থ প্রেরণের যোগসাজশের ঘটনা দণ্ডযোগ্য হবে।

যোগাযোগ করা হলে লেকশোর হোটেলের ব্যবস্থাপক রবিউল হাসান প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন স্থান থেকে চাপ আসায় আমরা দুপুরেই মেলার কার্যক্রম বন্ধ করে দিয়েছি। আমরা তো হোটেল ভাড়া দিয়েছিলাম শুধু। কাল যথাযথ অনুমোদন আনতে পারলে তাদের মেলা করতে দেওয়া হবে। অন্যথায় মেলা আয়োজনের কোনো সুযোগ নেই।’

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া দেশের বাইরে অর্থ পরিশোধের সুযোগ নেই। তবে আমদানির বিপরীতে অর্থ পরিশোধ করা যায়। ঘোষণা দিয়ে ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে শিক্ষা, চিকিৎসা ও ভ্রমণের জন্য ছোট অঙ্কের অর্থ বাইরে নেওয়া যায়। এ ছাড়া কিছু প্রতিষ্ঠানকে বিশেষ বিবেচনায় বাইরে বিনিয়োগের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে জমি ও ফ্ল্যাট কেনার জন্য অর্থ প্রেরণের কোনো সুযোগ নেই।

এরপরও দ্য মেরিন নামে মালয়েশীয় একটি প্রতিষ্ঠান সম্প্রতি বিজ্ঞাপন দিয়ে জানায়, রাজধানীর লেকশোর হোটেলে রবি ও সোমবার মেলার আয়োজন করা হবে। মঙ্গল ও বুধবার চট্টগ্রামের ক্লাবে আয়োজন করা হবে মেলার। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ মেলা।

ঘোষণা অনুযায়ী, গতকাল বেলা ১১টায় লেকশোর হোটেলে মেলা শুরু করেন দ্য মেরিনের সাত-আটজন কর্মকর্তা। কর্মকর্তাদের সবাই বিদেশি। তাঁরা আগ্রহীদের ফ্ল্যাট কিনতে প্রলুব্ধ করেন। পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের চাপে দুপুরের আগেই মেলার আয়োজন বন্ধ করে দেয় হোটেল কর্তৃপক্ষ।

দ্য মেরিনের বাংলাদেশের প্রতিনিধি মর্তুজা করিম প্রথম আলোকে বলেন, ‘আমি শুধু মেলা আয়োজনের জন্য নিয়োগ পেয়েছি। মেলাটি আজকে দুপুরেই বন্ধ হয়ে গেছে। অন্য সব বিষয়ে আমার পক্ষে কথা বলা কঠিন।’ সোমবারও মেলা আয়োজনের চেষ্টা করা হবে বলে তিনি জানান।

এদিকে মেলার আয়োজন দেখতে গতকাল লেকশোর হোটেলে যান আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান কামাল মাহমুদ। তিনি বলেন, ‘বিদেশি একটি প্রতিষ্ঠান এভাবে দেশে মেলা করছে। আমরা বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়, পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।’

এদিকে অনুমোদনহীন এই মেলার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে বলে মনে করছে রিহ্যাব। এভাবে অনুমোদনহীন মেলা চলতে থাকলে দেশের অর্থনীতি আরও হুমকির মুখে পড়বে বলে মনে করেন তাঁরা। রিহ্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।