মাশুল আরোপ করে ভুটানকে ট্রানজিট দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপক্ষীয় ভিত্তিতে ভুটানকে ট্রানজিট-সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে ট্রানজিট-সংক্রান্ত চুক্তির একটি খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে। এই খসড়াটি বাংলাদেশ সরকারের চূড়ান্ত অনুমোদনের পর ভুটানের কাছে পাঠানো হবে। এতে মাশুল আরোপসহ ট্রানজিট-সংক্রান্ত মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত ভুটানের আগ্রহেই বাংলাদেশ এই ট্রানজিট-সুবিধা দিচ্ছে। সম্প্রতি ট্রানজিট-সংক্রান্ত খসড়া প্রটোকল পাঠিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ভুটান। এর পরিপ্রেক্ষিতে এই দুই দেশের মধ্যে ট্রানজিট-সুবিধা চালুর লক্ষ্যে বাংলাদেশের তৈরি করা চুক্তির খসড়া ও ভুটানের পাঠানো খসড়া প্রটোকলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়। পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা ও ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান। এ ছাড়া কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যারিফ কমিশন ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রতিনিধি রয়েছেন। এই কমিটি ইতিমধ্যে দুই দফা বৈঠক করে বাংলাদেশের পক্ষ থেকে চুক্তির খসড়া চূড়ান্ত করার উদ্যোগ নেয়। সূত্র জানায়, খসড়ায় আন্তর্জাতিকভাবে অনুসৃত নিয়মনীতিগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। মাশুল, ট্রানজিট পরিবহনব্যবস্থা, ব্যাংক গ্যারান্টি, ট্রানজিটের রুট ইত্যাদি বিষয়ে বলা হয়েছে। এতে বহুমাত্রিক ট্রানজিট প্রদানের কথা বলা হয়েছে। তবে এক বা একাধিক প্রটোকলের মাধ্যমে এগুলো সুনির্দিষ্ট করা হবে। চুক্তিটি তিন বছর পরপর নবায়ন করতে হবে।জানা গেছে, কমিটির পরবর্তী বৈঠকের মাধ্যমে কমিটি খসড়াটি চূড়ান্ত করবে। পরে আইন মন্ত্রণালয়ের মতামত (ভেটিং) নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট আন্তমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে তা চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। সরকার গঠিত কমিটির সদস্য ও এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ প্রথম আলোকে জানান, ট্রানজিটে সব ধরনের আন্তর্জাতিক নিয়মনীতি অনুসৃত হয়, সবকিছুই ভুটানের জন্য তৈরি করা চুক্তির খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মনজুর আরও বলেন, যেকোনো ট্রানজিট চুক্তিতে বৃহত্তর আঙ্গিকগুলো সন্নিবেশিত থাকে। ভুটানের সঙ্গে সমঝোতা আলোচনার মাধ্যমে রুট, মাশুল, ট্রানজিটের ধরন ইত্যাদি চূড়ান্ত করে প্রটোকল হবে। দুই বছর ধরেই ভারত, নেপাল ও ভুটানকে বৃহত্তর আঙ্গিকে ট্রানজিট দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। ট্যারিফ কমিশনের নেতৃত্বে গঠিত মূল দল এ-সংক্রান্ত প্রতিবেদনও সরকারের কাছে জমা দিয়েছে। কিন্তু নানা জটিলতায় সরকার এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। ভুটানকে ট্রানজিট প্রদান-সংক্রান্ত কমিটির আরেক সদস্য জানান, ভুটানের সঙ্গে মাশুলসহ অন্যান্য বিষয়ে একটি দৃষ্টান্তমূলক ট্রানজিট চুক্তি বা ব্যবস্থা তৈরি করা সম্ভব হলে ভবিষ্যতে ভারতের সঙ্গেও তা অনুসরণ করা যাবে। ভূবেষ্টিত দেশ হওয়ায় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার জন্য ১৯৮৪ সালে ট্রানজিট-সংক্রান্ত বাণিজ্য চুক্তি করে ভুটান। কিন্তু ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ায় এই চুক্তিটি কার্যকর করা যায়নি। এ কারণে ২০০০ সালে এর মেয়াদ শেষ হয়ে যায়। তবে এখন ভারতের ভূখণ্ড ব্যবহার করতে পারে ভুটানি পণ্যবাহী ট্রাক। এ অবস্থায় নতুন চুক্তির প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে বাংলাদেশ। ট্রানজিট প্রটোকলের প্রস্তাবে সমুদ্র ও বিমানবন্দর-সুবিধা চায় ভুটান। মোগলহাট, নাকুগাঁও, নুনখাওয়া, হালুয়াঘাট ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া করে সৈয়দপুর বিমানবন্দর, চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দর, ঢাকার শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর, খুলনার মংলা সমুদ্রবন্দর ব্যবহার করতে চায় ভুটান। বর্তমানে বাংলাদেশের বুড়িমারী ও তামাবিল—এই দুটি স্থলবন্দর দিয়ে ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য হয়। আর কিছু পণ্য আসে আকাশপথে।