আন্তর্জাতিক গেটওয়ের (আইজিডব্লিউ) মাধ্যমে বিদেশ থেকে আসা প্রতি কলের মাশুল মিনিটে তিন সেন্ট থেকে কমিয়ে দেড় সেন্ট করার পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এটি বাস্তবায়িত হলে সরকার হাজার কোটি টাকার রাজস্ব হারাতে পারে।
জানা গেছে, বিটিআরসি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আইজিডব্লিউ অপারেটরের কাছে বিদেশ থেকে আসা কলের মাশুল হার তিন সেন্ট থেকে কমিয়ে দেড় সেন্ট করার সিদ্ধান্ত নেয়। এর পরই বিটিআরসি এ সংক্রান্ত একটি প্রস্তাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।
কিন্তু অর্থ মন্ত্রণালয় তা অনুমোদন না করে বিটিআরসিকে আবারও প্রস্তাব পাঠাতে বলেছে।
জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব নাজমুস সাকিব প্রথম আলোকে বলেন, ‘আমরা বিটিআরসির প্রস্তাব নাকচ করিনি। তবে এ বিষয়ে তাদের আবারও প্রস্তাব পাঠাতে বলেছি।’
আইজিডব্লিউর বর্তমান নীতিমালা অনুসারে প্রতি মিনিট আন্তর্জাতিক টেলিফোন কল দেশে আসার সঙ্গে তিন সেন্ট করে দেশে আসে। এই তিন সেন্টের ৫১ দশমিক ৭৫ শতাংশ রাজস্ব ভাগাভাগির চুক্তি অনুযায়ী সরকারকে দিতে হয়।
বিটিআরসির প্রস্তাব অনুসারে, বিদ্যমান কলহার অনুসারে বিটিআরসি আইজিডব্লিউগুলোর কাছে রাজস্ব ভাগাভাগি বাবদ বছরে প্রায় এক হাজার ৮০০ কোটি টাকা আয় করে। তবে কলপ্রতি দেড় সেন্ট করে রাজস্ব নেওয়া হলে ৭৭৮ টাকা আদায় হবে। এতে সরকার প্রায় এক হাজার কোটি টাকা কম রাজস্ব পাবে।
একাধিক সূত্র জানিয়েছে, কিছু আইজিডব্লিউ প্রতিষ্ঠান বিদেশ থেকে বেশি কল আনার জন্য মাত্র দেড় সেন্টেই কল এনেছে। আর সরকারকে দীর্ঘদিন ধরে রাজস্ব প্রদান করেনি। এরাই বর্তমানে প্রতি মিনিট কলের হার দেড় সেন্ট করার পক্ষে বেশি জোর দিচ্ছে।
তবে কিছু কিছু আইজিডব্লিউ অপারেটর কল হার দেড় সেন্ট না করার পক্ষে। তাদের মতে, বিটিআরসির প্রস্তাব অনুমোদিত হলে এই খাতে বিদ্যমান অপারেটরগুলোর ধ্বংস অনিবার্য।
জানতে চাইলে বিটিআরসির লিগ্যাল ও লাইসেন্সিং বিভাগের কমিশনার আবদুস সামাদ বলেন, অর্থ মন্ত্রণালয় দেড় সেন্ট করার প্রস্তাবে রাজি হয়নি বিষয়টি তিনি শুনেছেন। তবে এ সংক্রান্ত কোনো চিঠি বিটিআরসিতে আসেনি।