মাশুলের ধরন সুপারিশ, পরিমাণ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত, নেপাল ও ভুটানসহ পার্শ্ববর্তী দেশগুলোকে ট্রানজিট-সুবিধা দেওয়ার বিনিময়ে বৃহত্তর আঙিকে ১১ ধরনের মাশুল আদায়ের সুপারিশ করেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। তবে সুপারিশে মাশুলের কোনো পরিমাণ, হার বা অঙ্ক প্রস্তাব করা হয়নি।১১ ধরনের মাশুলের মধ্যে রয়েছে: প্রশাসনিক, পরিবেশ বিপর্যয়-সংক্রান্ত মাশুল, রক্ষণাবেক্ষণ, শব্দদূষণ, দুর্ঘটনাজনিত, পণ্যের ওজনে সড়ক ও রেলপথের ক্ষয়ক্ষতি-সংক্রান্ত মাশুল ইত্যাদি। সম্প্রতি ট্যারিফ কমিশনের নেতৃত্বে গঠিত কোর গ্রুপ এই প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রানজিট সুবিধাভোগকারী দেশগুলোর পণ্য যাতায়াতের চাহিদা, অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের বিনিয়োগসহ নানা বিষয় বিশ্লেষণ করে ট্রানজিট মাশুলের পরিমাণ নির্ধারণ করা হবে।এই বিষয়টি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। আর ট্রানজিট সুবিধাভোগকারী দেশগুলোর সঙ্গে চাহিদা ও রুট নির্ধারণ করতে সমঝোতা করার পরামর্শ দেওয়া হয় প্রতিবেদনে।সুপারিশে আরও বলা হয়েছে, ট্রানজিট সুবিধাভোগকারী দেশের পণ্যবাহী ট্রাক কিংবা রেলকে সমসাময়িক আন্তর্জাতিক বাজারের দর দিয়ে জ্বালানি কিনতে হবে। বাংলাদেশ সরকারের জ্বালানি খাতে ভর্তুকি-সুবিধা ট্রানজিট পণ্যবাহী যানবাহন পাবে না। এ জন্য জ্বালানি নেওয়ার পাম্পগুলোও নির্ধারণ করে দিতে হবে। কোর গ্রুপের একজন সদস্য প্রথম আলোকে জানান, প্রতিবেদনটি আসলে ট্রানজিট নিয়ে বাংলাদেশের একটি অবস্থানপত্র। ট্রানজিট মাশুল নির্ধারণ করতে আরও বিশ্লেষণ করতে হবে। ভারতসহ ট্রানজিট সুবিধাভোগকারী দেশগুলো বছরে কী পরিমাণ পণ্য পরিবহন করবে এবং রুটগুলো কী হবে—এসব জেনেই বিনিয়োগ-পরিকল্পনা করতে হবে। এরপর এই বিনিয়োগ প্রিমিয়ামসহ কত বছরে উঠে আসবে, সেটা বিবেচনায় এনে টাকার অঙ্কে মাশুল নির্ধারণ করতে হবে।অবকাঠামো: প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী তিন বছরের মধ্যে পূর্ণাঙ্গ ট্রানজিট দেওয়া সম্ভব নয়। প্রতিবেদন অনুযায়ী, রেলপথে দেশের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করেছে বঙ্গবন্ধু যমুনা সেতু। কিন্তু ভারতীয় ভারী রেল ওয়াগনের ভার বহনের মতো ক্ষমতা এই সেতুর নেই। আর ছয়টি সড়করুট এখনো পুরোপুরি প্রস্তুত নয়। অনেক অংশে নতুন করে রাস্তা নির্মাণ করতে হবে। আবার বিভিন্ন রাস্তা মেরামত করে ভারতীয় ভারী ট্রাকের উপযোগী করতে হবে। তবে সীমিত আকারে ট্রানশিপমেন্ট সুবিধা দেওয়ার পরামর্শ রয়েছে প্রতিবেদনে। সে ক্ষেত্রে অন্য দেশের পণ্যবাহী ট্রাক বা রেল ওয়াগন সীমান্তে এসে বাংলাদেশি ট্রাক বা রেল ওয়াগনে ওঠানো হবে। বিকল্প প্রস্তাব রাখা হয়েছে ট্রানজিট প্রতিবেদনে। বাংলাদেশ ভারত, নেপাল ও ভুটানের সমন্বয়ে একটি আঞ্চলিক ট্রান্সপোর্ট কোম্পানি গঠনের প্রস্তাব দেওয়া হয় প্রতিবেদনে। যেহেতু বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ট্রানজিট হচ্ছে, তাই সেই কোম্পানির ৫১ ভাগ শেয়ার বাংলাদেশের থাকতে হবে।এ ছাড়া ট্রানজিট দিতে সড়ক, রেল ও নৌপথসহ সামগ্রিক অবকাঠামো উন্নয়নে ৭০০ কোটি ডলারের বেশি বিনিয়োগের সুপারিশ করা হয়েছে। ১০ বছরজুড়ে এই বিনিয়োগ হবে। তবে প্রিমিয়ামসহ বিনিয়োগ উঠে আসার সময়সীমা ধরা হয়েছে ২০ বছর। অর্থাৎ আগামী ২০ বছরে লাভসহ বিনিয়োগের অর্থ উঠে আসবে।ট্রানজিট প্রতিবেদনে বিভিন্ন অঞ্চলের ট্রানজিট-সংক্রান্ত বিনিয়োগে মুনাফার হিসাব তুলে ধরা হয়েছে। বিশ্বের বৃহত্তর ট্রানজিট অঞ্চল হিসেবে পরিচিত ইউরোপীয় ইউনিয়নের হিসাব মতে, ট্রানজিট-সংক্রান্ত বিনিয়োগে ১৫ থেকে ২৫ শতাংশ মুনাফা আসে। সেই হিসাব ধরলে বাংলাদেশের ৭০০ কোটি ডলার বিনিয়োগ করলে ২০ বছরে গিয়ে মুনাফা হবে ১০০ থেকে ১৭৫ কোটি ডলার। আজ বৈঠক : আজ মঙ্গলবার সকালে ট্রানজিট প্রতিবেদন নিয়ে বৈঠকে বসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠকে ট্রানজিট নিয়ে বাংলাদেশের কৌশল সম্পর্কে আলোচনা করা হবে বলে জানা গেছে।এতে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। প্রতিবেদনটি বিশ্লেষণ করে সরকারের নীতিনির্ধারকেরা ট্রানজিট-সুবিধা বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান ঠিক করবেন।