মাসকট থেকে ঢাকায় উড়াল শুরু ওমান এয়ারের

ওমানের রাজধানী মাসকট থেকে ভিআইপি বা বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম কর্মীদের নিয়ে গত মঙ্গলবার ওমান এয়ারের উদ্বোধনী ফ্লাইট ঢাকায় এসে পৌঁছেছে।
মাসকট বিমানবন্দরে ফ্লাইটটির উদ্বোধন করেন ওমানের জনশক্তি মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হামিদ খামিস আল আমরি। এর আগে গত ২৫ অক্টোবর ঢাকা থেকে মাসকটে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ পথে ওমান এয়ার প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার পরিচালনা করছে।
মাসকট থেকে উড্ডয়ন উপলক্ষে গতকাল ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওমান এয়ারের প্রধান পরিচালন কর্মকর্তা আবদুল রহমান আল বুসাইদি, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আবদুল রাজ্জাক আল রাইসি, বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার খন্দকার কবীর, জেনারেল সেলস এজেন্ট এয়ার গ্যালাক্সির সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ এবং অ্যালাইড এভিয়েশন বাংলাদেশের এমডি মাহবুবুল আনাম। বিজ্ঞপ্তি।