মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২০তম আয়োজনে বাংলাদেশের পাশাপাশি ১৪ দেশের ৪৮টি প্রতিষ্ঠান থাকছে। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও জার্মানি নতুন দেশ হিসেবে অংশ নিচ্ছে এবার। সব মিলিয়ে থাকছে ৫০০ স্টল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করবেন।
ঢাকার শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার সচিবালয়ে গতকাল বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৩ লাখ ৭৩ হাজার বর্গফুটের মধ্যে ২ লাখ ৪৬ হাজার বর্গফুট জায়গা নিয়ে এবারের মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ ও শিশুদের জন্য ২০ টাকা। মেলা শেষ হবে ৩১ জানুয়ারি।
এতে আরও জানানো হয়, মেলার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি ও বেসরকারি নিরাপত্তা বাহিনী থাকবে। এ ছাড়া মেলার রেস্তোরাঁর খাবারের গুণগত মান এবং খাবারের মূল্য বেশি নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসক ও পুলিশের সঙ্গে সমন্বয়ে যাচাই-বাছাই করা হবে।
তোফায়েল আহমেদ বলেন, সুন্দরভাবে মেলা আয়োজনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল স্বচ্ছতার সঙ্গে বরাদ্দ করা হয়েছে। মেলার খাবারের দোকানে মূল্যতালিকার বাইরে কোনো অর্থ নেওয়া যাবে না। এ বিষয়ে ব্যবস্থা নিতে তাৎক্ষণিকভাবে মন্ত্রী ইপিবির ভাইস চেয়ারম্যানকে নির্দেশ দেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ১২ মাস মেলা আয়োজনের জন্য পূর্বাচলে ২০ একর জায়গা বরাদ্দ পেয়েছে মন্ত্রণালয়। ২৭০ কোটি টাকা ব্যয়ে পূর্বাচলের ওই জায়গায় মেলার জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হবে। চীন সরকারের সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা হচ্ছে।