মাসে ব্যয় করতে হবে ১৮,৪৪১ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন নিয়ে কোনো সুখবর নেই। আশাবাদীও হওয়া যাচ্ছে না। চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এডিপির মাত্র ৩৭ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে। খরচ হয়েছে মাত্র ৪৫ হাজার ৫৩২ কোটি টাকা। বাস্তবায়নের হার অন্য বছরের মতোই গতানুগতিক।
আশাবাদী না হওয়ার কারণ হলো, চলতি অর্থবছরে মূল এডিপির আকার কমানো হয়নি। আগের মতোই ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা রয়ে গেছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ব্যয়সহ সব মিলিয়ে এডিপির আকার এখন ১ লাখ ১৯ হাজার ২৯৬ কোটি টাকা।
সংশোধিত এডিপির এই বিশাল অর্থ খরচ করতে চায় সরকার। আগামী চার মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে ৭৩ হাজার ৭৬৪ কোটি টাকা খরচ করতে হবে। প্রতি মাসে গড়ে ১৮ হাজা ৪৪১ কোটি টাকা খরচ করতে হবে। গত আট মাসে প্রতি মাসে ৫ হাজার ৬৯১ কোটি টাকা খরচ হয়েছে। বাকি চার মাসে আগের চেয়ে তিন গুণ বেশি দক্ষতা দেখাতে হবে।
বছরের দুই-তৃতীয়াংশ (আট মাস) পেরিয়ে গেলেও আট মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দের এক-চতুর্থাংশ বা ২৫ শতাংশ টাকা খরচ করতে পারেনি। ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে মাত্র ১০টি তাদের বরাদ্দের অর্ধেকের বেশি খরচ করেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
দুর্নীতি দমন কমিশনের একটি প্রকল্পের অনুকূলে ৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ আছে। ইতিমধ্যে চার কোটি টাকা ছাড় করা হয়েছে। কিন্তু আট মাসে এক টাকাও খরচ করতে পারেনি দুদক।
সব মিলিয়ে বরাদ্দের ২৫ শতাংশ টাকাও খরচ করতে পারেনি এমন মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা ৮। অন্য মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো শিল্প মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সেতু বিভাগ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।
বরাদ্দ অনুযায়ী খরচের দিক থেকে ৫০ শতাংশের ওপরে যে মন্ত্রণালয় ও বিভাগগুলো আছে, সেগুলো হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আইএমইডি, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, কৃষি মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
গত চার বছরে প্রথম আট মাসে কখনোই ৪০ শতাংশের বেশি এডিপি বাস্তবায়ন হয়নি।