মাসে মাসে আমলনামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান

রাজস্ব কর্মকর্তারা লক্ষ্য অনুযায়ী রাজস্ব আদায় করতে পারছেন কি না; করদাতাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন কি না; কিংবা কর কর্মকর্তার আর্থিক সততা কতটুকু—এখন থেকে প্রতি মাসে সব রাজস্ব কর্মকর্তাকে এসব পরীক্ষা দিতে হবে।
প্রত্যেক কর্মকর্তাকে কর্মদক্ষতা, সততা, শৃঙ্খলা, উদ্ভাবনী তৎপরতা—সবই দেখাতে হবে। প্রতি মাসে মাঠপর্যায়ের সব কর্মকর্তার পারদর্শিতা মূল্যায়ন করা হবে। রীতিমতো পরীক্ষার খাতার মতো নম্বর দিয়ে এ মূল্যায়ন হবে। এসব নম্বর দিয়ে কর্মকর্তাদের রিপোর্ট কার্ড বা আমলনামা তৈরি করা হবে।
শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও কর—এসব বিভাগের সব কর্মকর্তার প্রতি মাসের কর্মদক্ষতা মূল্যায়ন করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর পরিদর্শক থেকে শুরু করে অধিদপ্তরের মহাপরিচালক ও কমিশনারদের এ মূল্যায়নের প্রক্রিয়ায় আনা হয়েছে। এমনকি নিজ নিজ বিভাগের সর্বোচ্চ পদধারী কর্মকর্তা সদস্যদের পারদর্শিতাও মূল্যায়ন করা হবে। সদস্যদের পারদর্শিতা মূল্যায়ন করবেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান নিজেই।
উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনের (এসিআর) মাধ্যমে তাঁদের কাজের মূল্যায়ন করা হয়।
এ সম্পর্কে জানতে চাইলে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান প্রথম আলোকে বলেন, সব মন্ত্রণালয়ই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করেছে। এ কাজটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য এনবিআর নিজ কাজকে মাসওয়ারি বিভক্ত করে পারদর্শিতা মূল্যায়ন করার উদ্যোগ নিয়েছে।
এনবিআরের চেয়ারম্যান আরও বলেন, ‘রাজস্ব আদায়ে প্রথম ১১ মাস সময় নষ্ট করে ১২তম মাসে এসে যাতে দৌড়াদৌড়ি করতে না হয়, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে এটি বেশ জনপ্রিয় পদ্ধতি।’
খাতা-কলমে গত জুলাই মাস থেকে এ পদ্ধতি চালু করা হয়েছে। প্রথম তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) মূল্যায়ন একসঙ্গে চলতি মাসে করা হচ্ছে। আগামী মাস থেকে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে প্রতিটি দপ্তর ও কমিশনারেটের কর্মকর্তাদের রিপোর্ট কার্ড এনবিআরে পাঠাতে হবে।
মূল্যায়ন পদ্ধতি: প্রত্যেক কর্মকর্তাকে ১০০ নম্বরে মূল্যায়ন করা হবে। এর মধ্যে কর্ম সম্পাদনে রয়েছে ৫০ নম্বর। এখানে মাসিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার কতটা অর্জন হলো, তাতে থাকবে ৪০ নম্বর। আর প্রশাসনিক, নীতি ও অন্যান্য কার্যক্রম বাস্তবায়নে ১০ নম্বর রয়েছে।
এ ছাড়া নির্দেশনা বাস্তবায়নে ১০, নির্ভরযোগ্যতায় ১৫, শৃঙ্খলাবোধে ১০ এবং সুনামে ১৫ নম্বর রয়েছে। এসব খাতকে আরও কিছু উপখাতে বিভক্ত করে নম্বর নির্ধারণ করা হয়েছে। যেমন, করদাতাদের সঙ্গে ওই কর্মকর্তার ব্যবহার কেমন—সেখানে ৩ নম্বর রাখা হয়েছে। আবার ওই কর্মকর্তার আর্থিক সততায় ৩ নম্বর রয়েছে।
এনবিআরের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রত্যেক কর্মকর্তাকে এ মূল্যায়ন পরীক্ষায় পাস করতে কমপক্ষে ৬০ নম্বর পেতে হবে। আর প্রত্যেক কর্মকর্তার দায়িত্বরত ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে নম্বর দেবেন।