মাস্টারকার্ড ও প্রিমিয়ার ব্যাংকের হজকার্ড চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টারকার্ড ও প্রিমিয়ার ব্যাংক মিলে রিলোডেবল হজ প্রিপেইড কার্ড নামে নতুন পণ্য চালু করেছে। এ কার্ড দুই ধরনের—একটি হজযাত্রী ও অন্যটি হজ এজেন্সিগুলোর জন্য।
প্রতিষ্ঠান দুটি বলেছে, এ কার্ড বিশেষ করে হজযাত্রী, হজ এজেন্সি, সচরাচর ভ্রমণকারী ও প্রবাসী শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী, যা ট্রাভেলার্স চেক বা নগদ বিদেশি মুদ্রার বিকল্প হিসেবে কাজ করবে। ঢাকার একটি হোটেলে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে কার্ডটির উদ্বোধন করা হয়।
মাস্টারকার্ড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। এতে বলা হয়, কোনোরকম ফি ছাড়াই এ কার্ড ইস্যু করা হবে, যা নিতে গ্রাহকদের কোনো ব্যাংক বা হিসাব ও ঋণের প্রতিবেদন লাগবে না এবং কোনো গোপনীয় মাশুল নেই। এ কার্ডের মাধ্যমে ১০০ শতাংশ নগদ অর্থ উত্তোলন করা যাবে।
মাস্টারকার্ড জানায়, সরকার হজ ট্রাভেল কোটা অনুযায়ী যে পরিমাণ অর্থ বহনের অনুমোদন দিয়েছে, সেই সুবিধা এই কার্ডে পাওয়া যাবে৷ সৌদি আরবে যেকোনো মাস্টারকার্ড এটিএম ও পিওএসে এ কার্ড ব্যবহার করা যাবে। হজযাত্রীরা দেশে ফিরে এলে বাকি টাকা উত্তোলন করতে পারবেন৷
অনুষ্ঠানে ধর্মসচিব চৌধুরী বাবুল হাসান, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল, পরিচালক বি এইচ হারুন, ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান ভিকাস ভার্মা ও বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আবদুল কবীর খান জামান উপস্থিত ছিলেন।