মিউচুয়াল ফান্ডগুলো বোনাস ঘোষণা করতে পারবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগদ লভ্যাংশের পাশাপাশি স্টক বা বোনাস লভ্যাংশ ঘোষণার বিধান রেখে মিউচুয়াল ফান্ড বিধিমালা চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সন্ধ্যায় বিএসইসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।এর আগে ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা-২০০১’-এর সংশোধনী প্রস্তাব জনমত যাচাইয়ের জন্য সংস্থাটির ওয়েবসাইটে (www.secbd.org) প্রকাশ করা হয়। ১৩ অক্টোবর পর্যস্ত জনমত সংগ্রহ করে তা যাচাই-বাছাইয়ের পর আগেরটিই চূড়ান্ত করা হয়। গত ১২ সেপ্টেম্বর কমিশনের ৪৪৪তম সভায় বিধিমালার সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়।বিধিমালায় বলা হয়, মিউচুয়াল ফান্ডগুলো বছর শেষে যে মুনাফা করবে তার ন্যূনতম ৭০ শতাংশ অবশ্যই ফান্ডের ইউনিটধারীদের মধ্যে লভ্যাংশ আকারে বিতরণ করতে হবে। ধরা যাক, ১০০ কোটি টাকার একটি মিউচুয়াল ফান্ড বছর শেষে ১০ কোটি টাকা মুনাফা করেছে। তাহলে এই ১০ কোটি টাকার মুনাফা থেকে অবশ্যই সাত কোটি টাকা লভ্যাংশ হিসেবে বিতরণ করতে হবে। সেটি নগদ বা স্টক লভ্যাংশ বা উভয়ই হতে পারে। এর আগে মিউচুয়াল ফান্ডগুলোর লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা ছিল না।সংশোধনীতে মিউচুয়াল ফান্ড বা সম্পদ ব্যবস্থাপনার কাজের পরিধি অনেক বিস্তৃত করা হয়েছে। নতুন নতুন খাতে নতুন নতুন তহবিল তৈরির সুযোগ রাখা হয়েছে। সংশোধিত বিধিমালায় মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগসংক্রান্ত বিধিবিধানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগে মিউচুয়াল ফান্ডের ৭৫ শতাংশ পুঁজিবাজারের বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগের বাধ্যবাধকতা ছিল। এখন সেটি কমিয়ে ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। অর্থাত্ কোনো মিউচুয়াল ফান্ডের আকার যদি হয় ১০০ কোটি টাকা হয়, তাহলে ওই ফান্ডের ৫০ শতাংশ বা ৫০ কোটি টাকা অবশ্যই পুঁজিবাজারের বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে। এই ৫০ শতাংশের মধ্যে আবার ২৫ শতাংশ অবশ্যই বিনিয়োগ করতে হবে তালিকাভুক্ত সিকিউরিটিজে আর ১০ শতাংশ বিনিয়োগ করতে হবে স্থায়ী আয় বা ফিক্সড ইনকাম সিকিউরিটিজে। এ ছাড়া মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর মেয়াদ শেষে সেগুলোকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরের সুযোগ রাখা হয়েছে। কমিশন বলছে, তিন-চতুর্থাংশ ইউনিটধারীর মতামতের ভিত্তিতে যেকোনো মেয়াদি ফান্ডকে বেমেয়াদি ফান্ডে রূপান্তর করা যাবে।মিউচুয়াল ফান্ড বিধিমালার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল মারুফ মতিন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, মিউচুয়াল ফান্ড বিধিমালার সংশোধনীর দরকার ছিল। এতে খারাপ কিছু নেই। তবে সাধারণ বিনিয়োগকারীরা এটা কীভাবে নেন, সেটাই আসল বিষয়। কেননা সাধারণ বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড ও শেয়ার এক করে ফেলেন। তাই এ বিষয়ে বিনিয়োগকারীদের আরও বেশি বোঝাতে হবে। এই সংশোধনীর ফলে মিউচুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীরা উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এদিকে আজকের সভায় ফিনিক্স ফাইন্যান্স লিমিটেডের ১ আর: ১০ অর্থাত্ প্রতি ১০টি শেয়ারে একটি রাইট শেয়ার অনুমোদন দিয়েছে বিএসইসি। এই রাইট শেয়ারের মাধ্যমে প্রতিষ্ঠানটি ৯২ লাখ চার হাজার ১৩৯টি শেয়ার ছেড়ে বাজার থেকে নয় কোটি ২০ লাখ ৪১ হাজার ৩৯০ টাকা উত্তোলন করবে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই রাইট ইস্যুর জন্য ইস্যু ব্যবস্থাপক ও অবলেখক হিসেবে বাংলাদেশ মিউচুয়াল সিকিউরিটিজ লিমিটেড কাজ করছে।উত্তোলিত এই টাকা দিয়ে বাংলাদেশ ব্যাংকের চাহিদা মোতাবেক ননব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধির শর্ত পূরণ করবে ফিনিক্স ফিন্যান্স লিমিটেড।