মিউচুয়াল ফান্ড বিধিমালার দুটি শর্ত ৩০ জুন পর্যন্ত শিথিল
মিউচুয়াল ফান্ড বিধিমালার দুটি শর্ত আগামী ৩০ জুন পর্যন্ত শিথিল করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি)। আজ বৃহস্পতিবার এসইসির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।এসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর বিধি ৫৬-এ উল্লিখিত পঞ্চম তফসিলের দফা ২ ও ৫-এর কার্যকারিতা ২০১২ সালের জুন পর্যন্ত স্থগিত করল।এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।এর আগে মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর অনুরোধে গত বছরের ১৫ সেপ্টেম্বর মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০০১-এর ৫৬ বিধির পঞ্চম তফসিলের ২ ও ৫ নম্বর দফা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়।জানা যায়, মিউচুয়াল ফান্ড বিধিমালার পঞ্চম তফসিলের ২ ও ৫ নম্বর দফা অনুযায়ী মিউচুয়াল ফান্ডগুলো একক প্রতিষ্ঠানের শেয়ারে মোট মূলধনের ১০ শতাংশ ও একক খাতে মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারবে।আজ আবারও এই দফা দুটি শিথিল করায় আগামী ৩০ জুন পর্যন্ত মিউচুয়াল ফান্ডগুলো শেয়ারবাজারে বিনিয়োগে কোনো নির্দিষ্ট সীমা থাকল না।