মিউচুয়াল ফান্ড বিধিমালায় সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নের জন্য মিউচুয়াল ফান্ড বিধিমালায় সংশোধনী আনা হয়েছে। এ ক্ষেত্রে কিছু সংযোজন ও বিয়োজন করা হয়েছে। আজ বুধবার কমিশনের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।এসইসির মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের জানান, মিউচুয়াল ফান্ডের প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে পাওয়া ২৫ লাখ টাকার নির্ধারিত সীমা তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে লকইন সময়সীমা এক বছর থেকে কমিয়ে ছয় মাস নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া নতুন আইপিও আসার ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডগুলোর কোটা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।সাইফুর রহমান আরও বলেন, আগে মিউচুয়াল ফান্ড বাজারে আসার ক্ষেত্রে মোট আকারের ৫০ শতাংশ সাধারণ মানুষের কাছ থেকে তোলা হতো, এটা কমপক্ষে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডকে উত্সাহিত করতে ফান্ডের আকার ২০ কোটির স্থলে কমপক্ষে ১০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এখন থেকে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো তাদের নিজস্ব মিউচুয়াল ফান্ডে উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবে। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পোর্টফোলিও ব্যবস্থাপনার কাজ করতে পারবে।এখন থেকে মিউচুয়াল ফান্ডের নাম সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির নাম দিয়ে শুরু করতে হবে। ভবিষ্যতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিকে রেটিং প্রদান করারও সিদ্ধান্ত নিয়েছে এসইসি।সাইফুর রহমান জানান, এই সিদ্ধান্তগুলো জনমত যাচাইয়ের জন্য পত্রিকায় প্রকাশ করা হবে। জনমত পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।