মিউচুয়াল ফান্ড বিধিমালায় সংশোধনী চূড়ান্ত করেছে এসইসি
মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০০১-এর সংশোধনী চূড়ান্ত করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সংশোধিত বিধিমালা অনুযায়ী একক ব্যক্তির অনুকূলে সর্বোচ্চ এক কোটি টাকার ইউনিট প্রাইভেট প্লেসমেন্টে বরাদ্দ দেওয়া যাবে। এ ছাড়া সংশোধনীর একটি অংশের ‘প্রাতিষ্ঠানিক মক্কেল’ ও তার সংজ্ঞা সংযোজন করা হয়েছে।আজ বুধবার কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।সাইফুর রহমান বলেন, আগে মিউচুয়াল ফান্ডের প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে একক ব্যক্তির অনুকূলে ইউনিট বরাদ্দের কোনো সীমা ছিল না। আজকের বৈঠকে নতুন করে সীমা আরোপ করা হয়েছে। তিনি বলেন, অনুমোদিত সংশোধনী অনুযায়ী ‘এখন থেকে একক ব্যক্তির অনুকূলে সর্বোচ্চ এক কোটি টাকার ইউনিট বরাদ্দ করা যাবে।’সাইফুর রহমান আরও বলেন, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো আগে মিউচুয়াল ফান্ডের ফান্ড ব্যবস্থাপনা ও পরিচালনা করতে পারত। তবে এখন থেকে তারা ফান্ড ব্যবস্থাপনা ও পরিচালনা ছাড়াও ‘প্রাতিষ্ঠানিক মক্কেলের’ ফান্ড ব্যবস্থাপনা ও পরিচালনা করতে পারবে। আর প্রাতিষ্ঠানিক মক্কেল বলতে পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড এনডোমেন্ট ফান্ড ও ভেনচার ফান্ডকে বুঝানো হয়েছে।এ ছাড়া সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো বিনিয়োগ ব্যবস্থাপনা ও উপদেষ্টা সেবা দিতে চাইলে তা আগেই কমিশনকে অবহিত করতে হবে।সাইফুর রহমান বলেন, ‘সংশোধিত এই নীতিমালা জনমত জরিপের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। জনমত পাওয়ার পর কমিশন আজ চূড়ান্ত অনুমোদন করে।’