মিউচুয়াল ফান্ডগুলো বোনাস দিতে পারবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগদ লভ্যাংশের পাশাপাশি স্টক বা বোনাস লভ্যাংশ ঘোষণার বিধান রেখে সংশোধিত মিউচুয়াল ফান্ড বিধিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সন্ধ্যায় বিএসইসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।এর আগে ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা-২০০১’-এর সংশোধনী প্রস্তাব জনমত যাচাইয়ের জন্য সংস্থাটির ওয়েবসাইটে (www.secbd.org) প্রকাশ করা হয়। ১৩ অক্টোবর পর্যন্ত জনমত সংগ্রহ করে সেটি যাচাই-বাছাইয়ের পর তা চূড়ান্ত করা হয়। গত ১২ সেপ্টেম্বর কমিশনের ৪৪৪তম সভায় বিধিমালার সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়।বিধিমালায় বলা হয়, মিউচুয়াল ফান্ডগুলো বছর শেষে যে মুনাফা করবে, তার ন্যূনতম ৭০ শতাংশ অবশ্যই ফান্ডের ইউনিটধারীদের মধ্যে লভ্যাংশ আকারে বিতরণ করতে হবে। সংশোধনীতে মিউচুয়াল ফান্ড বা সম্পদ ব্যবস্থাপনার কাজের পরিধি অনেক বিস্তৃত করা হয়েছে। নতুন নতুন খাতে নতুন নতুন তহবিল তৈরির সুযোগ রাখা হয়েছে। এদিকে গতকালের কমিশন সভায় ফিনিক্স ফাইন্যান্স লিমিটেডের ১: ১০ অর্থাৎ প্রতি ১০টি শেয়ারে একটি রাইট শেয়ার অনুমোদন দিয়েছে বিএসইসি। এই রাইট শেয়ারের মাধ্যমে প্রতিষ্ঠানটি ৯২ লাখ চার হাজার ১৩৯টি শেয়ার ছেড়ে বাজার থেকে নয় কোটি ২০ লাখ ৪১ হাজার ৩৯০ টাকা উত্তোলন করবে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। উত্তোলিত এই অর্থ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে আর্থিক প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধির শর্ত পূরণ করবে ফিনিক্স ফিন্যান্স।