মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে ঋণের সীমা বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে ঋণসুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সংস্থাটির বাজার পর্যালোচনা কমিটির সভায় গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বৃহস্পতিবার থেকে এ বাড়তি ঋণসুবিধা কার্যকর হবে। এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভুঁইয়া বলেন, বর্তমান বাজার পরিস্থিতি, বিনিয়োগকারীদের স্বার্থ এবং মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশের স্বার্থে এসইসি এই সিদ্ধান্ত নিয়েছে। এসইসি সূত্র জানায়, কোনো মিউচুয়াল ফান্ডের বাজারমূল্য প্রকৃত সম্পদমূল্যের (এনএভি) দেড় গুণ বা ১৫০ শতাংশের মধ্যে থাকলে ফান্ডটির বিপরীতে ঋণ পাওয়া যাবে। অর্থাৎ, ফান্ডের এনএভি যদি ১০ টাকা হয়, তাহলে বাজারমূল্য ১৫ টাকা পর্যন্ত তা ঋণযোগ্য বলে বিবেচিত হবে। তবে বাজারমূল্য এ সীমা অতিক্রম করলে আর ঋণসুবিধা পাওয়া যাবে না। মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকার হাউসগুলো এ নিয়ম মেনে তাদের গ্রাহকদের ঋণ দিতে পারবে। আগের নিয়মানুযায়ী মিউচুয়াল ফান্ডের বাজারমূল্য ১১৫ শতাংশের মধ্যে থাকলে ঋণসুবিধা পাওয়ার কথা ছিল। কিন্তু বেশির ভাগ মার্চেন্ট ব্যাংক এ নিয়ম মেনে গ্রাহকদের ঋণ দিত না। কারণ এতে বেশির ভাগ মিউচুয়াল ফান্ড ঋণসুবিধার বাইরে ছিল। তবে ঋণসুবিধা বাড়ায় মার্চেন্ট ব্যাংকগুলো নতুন করে মিউচুয়াল ফান্ডের বিপরীতে ঋণ দিতে আগ্রহী হবে বলে বিনিয়োগকারী আশা করছেন। কয়েকটি মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গত বছরের ১৭ ডিসেম্বর এসইসি প্রথমবারের মতো ঋণসীমা বেঁধে দেয়। ওই সময়ের সিদ্ধান্ত অনুযায়ী কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারমূল্য এনএভির ১০৭ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকলেই কেবল ঋণসুবিধা পেত।