নগদ লভ্যাংশের পাশাপাশি স্টক বা বোনাস লভ্যাংশ ঘোষণার বিধান রেখে মিউচুয়াল ফান্ড বিধিমালার সংশোধনী প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০০১-এর সংশোধনী প্রস্তাব সংস্থাটির ওয়েবসাইটে (www.secbd.org) প্রকাশ করেছে। এখন এই সংশোধনীর ওপর জনমত সংগ্রহ করছে সংস্থাটি। ১৩ অক্টোবর পর্যন্ত জনমত সংগ্রহ শেষে সেগুলো যাচাই-বাছাই করে কিছু সংযোজন-বিয়োজনের মাধ্যমে বিধিমালাটি চূড়ান্ত করা হবে। এর আগে গত ১২ সেপ্টেম্বর কমিশনের ৪৪৪তম সভায় বিধিমালার সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়।সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, মিউচুয়াল ফান্ডগুলো বছর শেষে যে মুনাফা করবে তার ন্যূনতম ৭০ শতাংশ অবশ্যই ফান্ডের ইউনিটধারীদের মধ্যে লভ্যাংশ আকারে বিতরণ করতে হবে। ধরা যাক, ১০০ কোটি টাকার একটি মিউচুয়াল ফান্ড বছর শেষে ১০ কোটি টাকা মুনাফা করেছে। তাহলে এই ১০ কোটি টাকার মুনাফা থেকে অবশ্যই সাত কোটি টাকা লভ্যাংশ হিসেবে বিতরণ করতে হবে। সেটি নগদ বা স্টক লভ্যাংশ বা উভয়ই হতে পারে। বর্তমানে মিউচুয়াল ফান্ডগুলোর লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। এমনকি স্টক বা বোনাস ঘোষণার বিষয়েও সুনির্দিষ্ট করে কিছু বলা ছিল না। ফলে নিকট অতীতে এই স্টক লভ্যাংশ বিতরণের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। সংশোধনীতে মিউচুয়াল ফান্ড বা সম্পদ ব্যবস্থাপনার কাজের পরিধি অনেক বিস্তৃত করা হয়েছে। নতুন নতুন খাতে নতুন নতুন তহবিল তৈরির সুযোগ রাখা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগসংক্রান্ত বিধিবিধানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগে মিউচুয়াল ফান্ডের ৭৫ শতাংশ পুঁজিবাজারের বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগের বাধ্যবাধকতা ছিল। এখন সেটি কমিয়ে ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ কোনো মিউচুয়াল ফান্ডের আকার যদি হয় ১০০ কোটি টাকা তাহলে ওই ফান্ডের ৫০ শতাংশ বা ৫০ কোটি টাকা অবশ্যই পুঁজিবাজারের বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে। এই ৫০ শতাংশের মধ্যে আবার ২৫ শতাংশ অবশ্যই বিনিয়োগ করতে হবে তালিকাভুক্ত সিকিউরিটিজে আর ১০ শতাংশ বিনিয়োগ করতে হবে স্থায়ী আয় বা ফিক্সড ইনকাম সিকিউরিটিজে। এ ছাড়া মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর মেয়াদ শেষে সেগুলোকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরের সুযোগ রাখা হয়েছে। কমিশন বলছে, তিন-চতুর্থাংশ ইউনিটধারীর মতামতের ভিত্তিতে যেকোনো মেয়াদি ফান্ডকে বেমেয়াদি ফান্ডে রূপান্তর করা যাবে। মিউচুয়াল ফান্ড বিধিমালার এসব সংশোধনী প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল মারুফ মতিন। জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘সংশোধনী প্রস্তাবে নতুন যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে তাতে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্র অনেক বিস্তৃত হবে। পাশাপাশি লভ্যাংশ বিতরণের ন্যূনতম সীমা নির্ধারণ করে দেওয়ায় এ খাতের বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। আর স্টক লভ্যাংশ ঘোষণার বিষয়টি বিধিমালায় অন্তর্ভুক্ত করায় এ নিয়ে আর কোনো ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না।’