মিউচুয়াল ফান্ডের আয়ের ওপর কর রেয়াতের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে মিউচুয়াল ফান্ডের আয়ের ওপর আরোপিত কর রেয়াতের প্রস্তাব দিয়েছে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস (এএএমসিএফ)।সংগঠনটি একই সঙ্গে মিউচুয়াল ফান্ডের লভ্যাংশের ওপর উৎসে কর কর্তনের বিধান প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে।এনবিআরের পক্ষ থেকে এসব প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এএএমসিএফের সাধারণ সম্পাদক ও রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাসান ইমাম।গতকাল বিকেলে এনবিআরের সঙ্গে সংগঠনটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বলা হয়, মিউচুয়াল ফান্ডের আয়, যেখান থেকে বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়া হয়, তার ওপর আগে কোনো কর ছিল না। কিন্তু চলতি অর্থবছরের বাজেটে ১০ শতাংশ হারে করারোপ করা হয়েছে। আবার ২৫ হাজার টাকার বেশি লভ্যাংশের জন্য ১০ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান রয়েছে। ফলে মিউচুয়াল ফান্ডগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে গেছে।এ ছাড়া বৈঠকে মিউচুয়াল ফান্ডের প্লেসমেন্টের ওপর পাঁচ শতাংশ হারে আরোপিত কর প্রত্যাহারেরও দাবি জানানো হয়।এনবিআরের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন আয়কর নীতি বিভাগের সদস্য সৈয়দ আমিনুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান, রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের চৌধুরী নাফিস শারাফাত প্রমুখ।