মিউচুয়াল ফান্ডের জন্য বিনিয়োগের শর্ত শিথিল
শেয়ারবাজারে তালিকাভুক্ত একক ও খাতওয়ারি কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ওপর আরোপিত শর্ত শিথিল করা হয়েছে। এত দিন তহবিল পরিচালনাকারী সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো কোনো একক ও খাতওয়ারি কোম্পানির শেয়ারের যথাক্রমে ওই তহবিলের ১০ ও ২৫ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারত না। শর্ত শিথিল করার ফলে এখন থেকে একক ও খাতওয়ারি কোম্পানিতে বিনিয়োগে এই ধরনের কোনো সীমা আর থাকবে না। তবে ৩১ মার্চ পর্যন্ত মিউচুয়াল ফান্ড এই শর্তমুক্ত বিনিয়োগসুবিধা ভোগ করবে। গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটেও নির্দেশনার খবরটি প্রকাশ করা হয়েছে। ধারাবাহিক দরপতন রোধে এসইসি গত কয়েক দিনে যেসব ব্যবস্থা গ্রহণ করেছে তারই অংশ হিসেবে গতকাল এই সংক্রান্ত নির্দেশনা জারি করে। আজ বুধবার থেকে এই নির্দেশনা কার্যকর করা হবে। মিউচুয়াল ফান্ড পরিচালনাকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ‘এর ফলে ফান্ডগুলোর একক ও খাতওয়ারি কোম্পানিতে বিনিয়োগ সক্ষমতা বাড়বে।’ ওই কর্মকর্তা আরও জানান, বর্তমানে বাজারে লেনদেন হওয়া অনেক ফান্ড রয়েছে, যেগুলো এরই মধ্যে খাতওয়ারি ২৫ শতাংশের বেশি বিনিয়োগ করে ফেলেছে। কিন্তু বাজারে দরপতন শুরু হওয়ার পর তা রোধে ফান্ডগুলো জোরালো কোনো ভূমিকা রাখতে পারছে না। বিশেষ করে যেসব শেয়ারের দাম বাড়লে তা মূল্যসূচকে ইতিবাচক প্রভাব ফেলে, সেসব শেয়ারে মিউচুয়াল ফান্ডগুলো বিনিয়োগ করতে চাইলে আইনি বাধ্যবাধকতা বা বিনিয়োগের সীমা থাকায় তা সম্ভব হচ্ছিল না। একইভাবে খাতওয়ারি বিনিয়োগেও অসুবিধা হচ্ছিল। এ অবস্থায় দরপতন রোধে মিউচুয়াল ফান্ড পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো যেন আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে জন্য এসইসি এসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে।