মিউচুয়াল ফান্ডের দর সংশোধন হয়েছে
হঠাৎ মূল্যবৃদ্ধির পর গতকাল রোববার শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের মূল্য সংশোধন হয়েছে। সে সঙ্গে লেনদেনের শীর্ষস্থানও হারিয়েছে খাতটি। এর আগে গত বৃহস্পতিবার এই খাত হঠাৎ করেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে আসে। সেদিন ডিএসইর মোট লেনদেনের প্রায় ২২ শতাংশজুড়ে ছিল এই খাত। গতকাল তা নেমে এসেছে প্রায় ১০ শতাংশে। অর্থাৎ, রোববার দিন শেষে মিউচুয়াল ফান্ড খাতের লেনদেন প্রায় ১২ শতাংশীয় মাত্রা (পারসেনটেজ পয়েন্ট) কমে গেছে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আহূত হরতাল সত্ত্বেও এদিন দেশের শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হয়েছে।সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে আবারও লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংকিং খাত। এদিন এই খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৭ কোটি টাকা, যা ঢাকার বাজারের মোট লেনদেনের ১৯ শতাংশ।যদিও এদিন ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ ব্যাংকের শেয়ারের দরপতন ঘটেছে। দিন শেষে ব্যাংকিং খাতের ৩০টি কোম্পানির শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২টির দাম কমেছে, বেড়েছে নয়টির আর অপরিবর্তিত ছিল নয়টির দাম। দিনভর এ খাতের শেয়ারের দামের উত্থান-পতনে মিশ্রভাব ছিল। লেনদেনের শীর্ষে থাকলেও ব্যাংকিং খাতের বেশির ভাগ শেয়ারের দরপতন সূচকে নেতিবাচক প্রভাব ফেলেছে।লেনদেনের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এদিন এ খাতের লেনদেন হওয়া ১৩টি কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২১ কোটি টাকা, যা ঢাকার বাজারের মোট লেনদেনের ১৫ শতাংশ।কসমোপলিটন ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম শূন্য দশমিক ৮২ শতাংশ বেড়েছে, যা ডিএসইর সাধারণ সূচক শূন্য দশমিক ১১ শতাংশ বৃদ্ধিতে সহায়তা করেছে। তবে অন্যান্য খাতের শেয়ারের দরপতনের কারণে দিন শেষে সূচকের ততটা উত্থান ঘটেনি। একক কোম্পানি হিসেবে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। দিন শেষে কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি টাকা, যা বাজারের মোট লেনদেনের ৯ শতাংশ।সাম্প্রতিক সময়ে কোম্পানিটিকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে কিছু গুজব ছড়ানো হয়েছে। শেয়ারের দাম বাড়াতে কারা এসব গুজব ছড়িয়েছেন, তা খুঁজে বের করতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি তদন্ত কমিটিও গঠন করেছে। বিএসইসি বলছে, কয়েকটি মুঠোফোন থেকে বিভিন্ন বিনিয়োগকারীর কাছে এসব গুজব ছড়ানো হয়েছে। কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এদিন বিদ্যুৎ-জ্বালানি খাতের মূল্যবৃদ্ধির প্রধান কারণ ছিল মেঘনা পেট্রোলিয়াম। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৩ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে।ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মেঘনা পেট্রোলিয়াম গত ডিসেম্বর মাস শেষে তাদের অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে নয় টাকা ৫৭ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল পাঁচ টাকা ২২ পয়সা। এ কারণে গতকাল কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে।এদিন ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৯ কোটি টাকা কম।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৩৪ পয়েন্টে। এদিন সিএসইতে ১৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৮৮টির দাম কমেছে, বেড়েছে ৬১টির আর অপরিবর্তিত ছিল ১৯টির দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কমে নেমে এসেছে ১৫ কোটি টাকায়।