মিউচুয়াল ফান্ডের বিপরীতে ঋণসুবিধা বাড়ানোর দাবি জানিয়েছে দেশের পুঁজিবাজারসংশ্লিষ্ট সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো।গত বৃহস্পতিবার কোম্পানিগুলোর সমিতি এএএমসির নেতারা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারের সঙ্গে দেখা করে এ দাবি জানান। এ সময় তাঁরা মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন ও পুঁজিবাজারের অগ্রগতি ত্বরান্বিত করতে এসইসির কাছে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। এএএমসির নেতাদের মধ্যে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াহিদুজ্জামান খন্দকার, এলআর গ্লোবালের সিইও রিয়াজ ইসলাম, গ্রিন ডেল্টা ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সিইও ওয়াকার চৌধুরী এবং রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক হাসান ইমাম উপস্থিত ছিলেন। তাঁরা এসইসিকে বলেন, বর্তমানের ঊর্ধ্বমুখী বাজারে অন্যান্য শেয়ারের তুলনায় মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটগুলো এখনো অতিমূল্যায়িত হয়নি। এ কারণে ঋণসুবিধা বাড়ানো হলে সাধারণ বিনিয়োগকারীরা এ খাতে বিনিয়োগে উৎসাহিত হবেন, যা সামগ্রিক বাজারকে স্থিতিশীল রাখতে সহায়তা করবে।এএএমসির নেতারা মিউচ্যুয়াল ফান্ডে প্রাতিষ্ঠানিক ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রাক-আইপিও প্লেসমেন্টে অংশ নেওয়ার সীমা বাড়ানোর পাশাপাশি লক-ইনের সময় কমিয়ে আনারও দাবি জানান।এ ছাড়া তাঁরা নিবিড় পর্যালোচনার মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ড শিল্পের কাঠামো গঠনে নতুন আইন প্রবর্তনের সুপারিশ করেন। এ ক্ষেত্রে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর সঙ্গে এসইসিকে আলোচনার অনুরোধ জানান। এসইসির চেয়ারম্যান এএএমসির এসব সুপারিশ বিবেচনার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি।