মিজোরাম সীমান্তে পার্বত্য চট্টগ্রামে দুটি স্থলবন্দর নির্মাণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচিত হলেও স্থান নির্ধারণসংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে পার্বত্য চট্টগ্রামে দুটি স্থলবন্দর নির্মাণ প্রকল্পে।ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে দুটি স্থলবন্দর নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা প্রায় চূড়ান্ত করা হয়েছে।প্রকল্পের নাম তেগামুখ ও রামগড় স্থলবন্দর উন্নয়ন প্রকল্প। সম্পূর্ণ দেশীয় অর্থে প্রকল্পটি বাস্তবায়িত হবে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে এই দুটি স্থলবন্দর নির্মিত হবে। তবে রাঙামাটির স্থলবন্দরের স্থান নির্ধারণ নিয়েই জটিলতা তৈরি হয়েছে। আর তাই প্রকল্প প্রস্তাবনা চূড়ান্ত হলেও পরিকল্পনা কমিশনে পাঠানো সম্ভব হচ্ছে না।রাঙামাটির তেগামুখ, নাকি বড় হরিণায় স্থলবন্দর নির্মিত হবে—বিষয়টি চূড়ান্ত করতে নতুন করে কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সরেজমিনে প্রতিবেদনকে ভিত্তি করে স্থান চূড়ান্ত করা হবে।স্থান জটিলতা: চলতি বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম-মিজোরাম সীমান্তে দুটি স্থলবন্দর নির্মাণের বিষয়ে উভয় পক্ষই একমত হয়। প্রাথমিকভাবে খাগড়াছড়ির রামগড় ও রাঙামাটির বরকল উপজেলার তেগামুখে স্থলবন্দর দুটি নির্মাণের স্থান নির্ধারণ করা হয়।তেগামুখ স্থানটি রাঙামাটি শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। কাপ্তাই লেক হয়ে নৌপথই একমাত্র যোগাযোগের মাধ্যম এবং সেখানে পৌঁছাতে সময় লাগে তিন-চার ঘণ্টা। তাই যোগাযোগসুবিধা বিবেচনায় নিয়ে বড় হরিণাকে বিকল্প স্থান হিসেবে নির্বাচন করা হয়। আর তাই দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দিয়ে তেগামুখের চেয়ে বড় হরিণা বেশি উপযোগী হবে কি না, তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।এর পরই স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে এম ইয়াহিয়া চৌধুরীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিডিআর, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা রয়েছেন। এই কমিটি ৩০ অক্টোবর দুটি স্থান সরেজমিনে পরিদর্শন করতে যাবে। পরিদর্শন প্রতিবেদনের ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।যোগাযোগ করা হলে স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (উন্নয়ন) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নৌপথ ছাড়া তেগামুখে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু বড় হরিণায় সড়কপথেই যাওয়া সম্ভব। বড় হরিণায় স্থলবন্দর হলে প্রকল্প-ব্যয় কিছুটা কমবে।তেগামুখে স্থলবন্দর নির্মাণের প্রস্তাবে বাণিজ্য মন্ত্রণালয়েরও আপত্তি রয়েছে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাব্যতা সংকটের কারণে তেগামুখে সারা বছর পণ্য পরিবহনের সুযোগ নেই। তেগামুখ এলাকায় বিদ্যুৎও নেই। কিন্তু বড় হরিণায় সারা বছর পণ্য পরিবহনের সুযোগ রয়েছে।অন্যদিকে স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মফিদুল ইসলামের নেতৃত্বে গঠিত যাচাই-বাছাই কমিটির সদস্যরাও নাব্যতা সংকটের কারণে গত ২২ মে রাঙামাটি থেকে তেগামুখ পর্যন্ত যেতে না পেরে ফিরে আসেন।প্রকল্প প্রস্তাবনা: অগ্রাধিকার প্রকল্প হিসেবে গত ১৮ জুলাই স্থলবন্দর কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে দুটি স্থলবন্দর নির্মাণের প্রকল্প প্রস্তাবনা তৈরি করতে নির্দেশ দেয় নৌপরিবহন মন্ত্রণালয়। মাত্র দুই সপ্তাহের মধ্যে ৪৬ কোটি ৬১ লাখ টাকার ‘তেগামুখ ও রামগড় স্থলবন্দর উন্নয়ন প্রকল্প’ প্রস্তাবনা তৈরি করে স্থলবন্দর কর্তৃপক্ষ।প্রস্তাবনা অনুযায়ী, ২০১৪ সালের জুনের মধ্যে বন্দর দুটির নির্মাণ সম্পন্ন হওয়ার কথা। এ জন্য প্রায় সাড়ে ২০ একর সরকারি খাসজমি অধিগ্রহণ করা হবে। এ ছাড়া ভূমি উন্নয়ন, সীমানাপ্রাচীর, এপ্রোচ ও টার্মিনাল রোড, পণ্য ওঠানো-নামানোর ইয়ার্ড, ওয়ারহাউস, ওজনযন্ত্র, পণ্য ওঠানো-নামানোর জেটি, অফিস ও আবাসিক ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের প্রস্তাব করা হয়েছে।সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব কমিটির বৈঠকে প্রকল্প প্রস্তাবনায় কিছু সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এসবের মধ্যে আছে স্থলবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত খাসজমি অধিগ্রহণে সরকারের কাছ থেকে অর্থ সংগ্রহ, নির্মাণসামগ্রী পরিবহনে ব্যয় কমানো, জেটি নির্মাণের দায়িত্ব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (আইডব্লিউটিএ) ওপর অর্পণ ইত্যাদি।পার্বত্য চট্টগ্রামের প্রস্তাবিত এই দুটি স্থলবন্দর দিয়ে প্রধানত প্রসাধনপণ্য, সিরামিক ও মেলামাইন-সামগ্রী, নির্মাণসামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য, তামাকপণ্য ও শুঁটকি রপ্তানি হবে। অন্যদিকে মিজোরাম থেকে আসবে কাঠ, বাঁশ ও মসলা।এদিকে আমদানি ও রপ্তানি-প্রক্রিয়ায় শুল্কায়নের জন্য গত ১৫ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বোর্ড সভায় রামগড় ও তেগামুখকে শুল্ক স্টেশন হিসেবে কার্যকর করা হয়েছে। অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলে এনবিআর শুল্ক স্টেশন দুটির পাবলিক ওয়ারহাউস কিপার হিসেবে স্থলবন্দর কর্তৃপক্ষকে নিয়োগ দেবে। এখন তেগামুখের পরিবর্তে বড় হরিণায় স্থলবন্দর নির্মিত হলে এনবিআরকে নতুন করে শুল্ক স্টেশন হিসেবে ঘোষণা দিতে হবে।