মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি হলে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করলে মানি লন্ডারিং আইনেই ব্যবস্থা নেওয়া সম্ভব। ইতিমধ্যে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা একটি নথি খতিয়ে দেখার জন্য বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।গতকাল বৃহস্পতিবার দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন এসব তথ্য জানান। তিনি এ সময় বলেন, মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করার ফলে দেশ থেকে অর্থ বিদেশে চলে যাচ্ছে।বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থার অপব্যবহার হচ্ছে, এমন একটি ঘটনার উদাহরণ দিয়ে এনবিআরের চেয়ারম্যান জানান, সম্প্রতি বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থার আওতায় আনা নয় কন্টেইনার পণ্য বের হয়ে যাচ্ছিল। এমন খবর পেয়ে সংশ্লিষ্ট শুল্ক কর্মকর্তারা ওই প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেন। কিন্তু এনবিআরের চেয়ারম্যান মনে করেন, এ ধরনের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।এনবিআরের মিলনায়তনে আয়োজিত এই সভায় এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। ব্যবসায়ীদের উদ্দেশে এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘আপনারা এনবিআরের কাছে সেবা চান, আমরাও দিতে চাই। শুক্র ও শনিবার এনবিআরের কার্যালয়ের কেউ বাড়তি সেবা মাশুল চাইলে দেবেন না।’গোলাম হোসেন জানান, আগামী বাজেটে নতুন কর আরোপ করা হবে না। আবার কোনো কোনো খাতে অতিরিক্ত কর যাতে আরোপ করা না হয়, তা-ও লক্ষ রাখবে এনবিআর। তিনি জানান, নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ব্যবসায়ীরা আলোচনা করতে চাইলে সহায়তা করবে এনবিআর।এনবিআরের কর্মকর্তাদের উদ্দেশে কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ‘যত ভালো ব্যবহার করবেন, তত রাজস্ব আদায় বাড়বে। তবে ব্যবসায়ী ও রাজস্ব কর্মকর্তাদের নৈতিকতা থাকা উচিত।’এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক বলেন, আগামী অর্থবছরের রাজস্ব আদায়ে লক্ষ্যের প্রবৃদ্ধি যেন ১৫ শতাংশের বেশি না হয়। তাহলে ব্যবসায়ীদের ওপর চাপ পড়বে। বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) ব্যবস্থা আরও কার্যকর করার তাগিদ দেন তিনি।এফবিসিসিআইয়ের আরেক পরিচালক আবদুর রাজ্জাকের মতে, যেসব উদ্যোক্তার উদ্যোগ ক্ষুদ্র শিল্প নয়, কিন্তু কাছাকাছি পর্যায়ে রয়েছে; তাঁদের একটু সহায়তা দিলে তাঁরা ক্ষুদ্র শিল্প উদ্যোক্তায় উন্নীত হতে পারবেন। এডিআর প্রথা দেশের শুল্ক স্টেশনে চালু করার পরামর্শ দেন এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ। আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা দুই লাখ ৪০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই। বর্তমানে দুই লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত। এ ছাড়া শুল্ক হার পুনর্বিন্যাস ও যৌক্তিক করার দাবিসহ একগুচ্ছ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে এনবিআরের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়।