মিথ্যা ঘোষণায় ভারতে গরু ও মহিষের শিং-খুর-হাড় রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনভয়েসে মিথ্যা ঘোষণা (মিস ডিক্লারেশন) দিয়ে ভারতে গরু ও মহিষের বিপুল পরিমাণ শিং, হাঁড় ও খুর রপ্তানি হচ্ছে। যে কারণে কাঁচামালের ব্যাপক সংকটে পড়েছে দেশের বোতামশিল্প। জানা গেছে, কিছু ব্যক্তি ইনভয়েসে ক্রাস্টড্ বোন (গুঁড়া হাঁড়), বোন মিল (হাঁড় দিয়ে তৈরি পশুখাদ্য) ও হর্নডাস্ট (গরু মহিষের শিংয়ের গুঁড়া) রপ্তানির মিথ্যা ঘোষণা দিয়ে বাস্তবে ভারতে অবিকৃত (গোটা) হাঁড়, শিং ও খুর পাঠাচ্ছে। দেশীয় মুদ্রায় প্রতি কেজি অবিকৃত হাঁড়, শিং ও খুরের রপ্তানি মূল্য ১২ টাকা থেকে ৫০ টাকা হলেও তারা মিথ্যা ঘোষণায় মাত্র চার থেকে সাড়ে পাঁচ টাকা করে দেখাচ্ছে। লালমনিরহাটের বুড়িমারী শুল্ক স্থলবন্দর দিয়ে এসব পণ্য রপ্তানি হচ্ছে। এভাবে এক পণ্যের ঘোষণা দিয়ে অন্য পণ্য রপ্তানি ও দাম কম দেখিয়ে তারা রাজস্ব ফাঁকি দিয়ে চলেছে। আর টাকাটা হুন্ডির মাধ্যমে যাচ্ছে। উদ্যোক্তারা জানান, গরু-মহিষের হাড়জাত বোতামশিল্পটি শতভাগ রপ্তানিমুখী। এ শিল্পে কাঁচামাল হিসেবে বছরে গরু-মহিষের ৬০০ মেট্রিক টন শিং, হাঁড় ও খুর প্রয়োজন। সৈয়দপুরে একটিসহ দেশে এ ধরনের গোটা দশেক বোতাম তৈরির কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানের তৈরি উন্নতমানের বোতাম ইউরোপ-আমেরিকার বাজারে রপ্তানি হয়ে থাকে। সৈয়দপুরের অ্যাগ্রো রিসার্চ কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী মো. নজরুল ইসলাম জানান, কেবল সমুদ্রবন্দর দিয়েই গরু ও মহিষের অবিকৃত শিং, হাঁড় ও খুর রপ্তানির অনুমতি থাকলেও কিছু লোক শুল্ক স্টেশন বা স্থলবন্দরের মাধ্যমে তা করছে। তিনি অভিযোগ করে বলেন, কতিপয় ভারতীয় নাগরিকও নিজেদের ‘বাংলাদেশি’ পরিচয়ে যশোর জেলায় অবস্থান করছে। তারা ইনভয়েসে মিথ্যা ঘোষণা দিয়ে গরু-মহিষের হাড়, খুর ও শিংয়ের গুঁড়া এবং তা থেকে তৈরি পশুখাদ্যের কথা উল্লেখ করে ভারতে অবিকৃত হাড়, শিং ও খুর ভারতে রপ্তানি করছে। বোন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুনায়েদ করিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কতিপয় অসাধু ব্যক্তি ভারতে গরু-মহিষের হাঁড়, খুর ও শিং রপ্তানি করায় দেশের বোতামশিল্পে কাঁচামালের সংকট দেখা দিয়েছে। স্থলবন্দরের মাধ্যমে এসব পণ্য রপ্তানি বন্ধ করা না গেলে দেশজ এ শিল্পটি ধ্বংস হতে পারে। এ ব্যাপারে বুড়িমারী স্থল শুল্কবন্দরের কাস্টম্স এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার শরীফুল হাসান প্রথম আলোকে বলেন, ‘রপ্তানিকারকেরা আমাদের ডিপার্টমেন্টের কতিপয় কর্মকর্তার সঙ্গে যোগসাজশের মাধ্যমে মিস ডিক্লারেশনে পণ্য রপ্তানির সুযোগ নিয়ে থাকতে পারেন। যেহেতু আমি এ বন্দরের নতুন, তাই বিষয়টি আমার সেভাবে জানা নেই।’ তবে ভবিষ্যতে কেউ মিথ্যা ঘোষণায় পণ্য পাচারের কোনো প্রকার সুযোগ পাবে না বলে তিনি উল্লেখ করেন।