স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে প্রবাসীদের উদ্যোগে গঠিত এনআরবি কমার্শিয়াল ব্যাংক। এ জন্য ব্যাংকটির চেয়ারম্যান ফরাছত আলীকে দায়ী করেছে বাংলাদেশ ব্যাংক। সাত দিনের মধ্যে তার ব্যাখ্যা তলব করে সম্প্রতি চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে ব্যাংকটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ব্যাংকটির কয়েকজন উদ্যোক্তা অর্থমন্ত্রীর কাছে ব্যাংকটির সার্বিক বিষয়ে চিঠি দিলে তিনি সচিবকে উদ্দেশ করে লেখেন, ‘এই ব্যাংকটি সম্পর্কে আমাকে ব্রিফ করুন’।
এ বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে গতকাল ফরাছত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে মন্তব্য করতে রাজি হননি।
ফরাছত আলীর কাছে পাঠানো কারণ দর্শানো নোটিশে বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকের চতুর্থ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়টি অনুমোদন হয়েছে বলে ব্যাংকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৫৪তম পর্ষদ সভাতেও বিষয়টি পুনরায় অনুমোদন হয়েছে। ২৩ এপ্রিল এজিএম এবং ১৮ মে পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। তবে দুটি সভাতেই উপস্থিত বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক জানিয়েছে, দুটি সভাতেই বিষয়টি আলোচনা হলেও অনুমোদন হয়নি।
ফরাছত আলীকে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এজিএম ও পর্ষদ সভার কার্যবিবরণীতে গৃহীত সিদ্ধান্ত সঠিকভাবে প্রতিফলন না করে অসত্য বর্ণনা প্রদান করে বাংলাদেশ ব্যাংককে বিভ্রান্ত করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, যার দায় উক্ত বিবরণীদ্বয়ের অনুমোদনকারী হিসেবে আপনার ওপর বর্তায়। সভার গৃহীত সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশ ব্যাংকের নিকট অসত্য তথ্য প্রদান করা ব্যাংক কোম্পানি আইনের ১০৯ ধারার উপধারা (২)-এর লঙ্ঘন। এ ধারায় বলা হয়েছে, কেউ অসত্য তথ্য দিলে তিন বছরের কারাদণ্ড এবং অনধিক এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন।
অসত্য তথ্য দেওয়ায় ফরাছত আলীর কাছে সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক ইয়াসিন আলী ও মুক্তিযোদ্ধা হেলাল মোর্শেদ খানকে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে অনুমোদনের জন্য চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংকে। এতেই বেরিয়ে আসে অসত্য তথ্য প্রদানের এসব ঘটনা।
চলতি বছরের ২০ মার্চ ব্যাংকটির চেয়ারম্যান ও এমডির কাছে পাঠানো পৃথক নোটিশে বাংলাদেশ ব্যাংক জানায়, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ব্যাংক চালাতে ব্যর্থ হয়েছে ফরাছত আলীর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। আর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মজিবুর রহমান ব্যর্থ হয়েছেন ব্যাংকটিতে যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে। এমনকি তাঁরা গুরুতর প্রতারণা ও জালিয়াতি করেছেন, যা ফৌজদারি আইন অনুযায়ী দণ্ডনীয়।
ব্যাংকের এমডিকে এসব কথা জানিয়ে ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী কারণ দর্শাও নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। চেয়ারম্যানের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না এবং এমডিকে কেন অপসারণ করা হবে না, নোটিশে তা জানতে চাওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের নোটিশে ১০টি কারণ তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংক। চেয়ারম্যান ও এমডি নোটিশের জবাব দিলেও এখন পর্যন্ত অজ্ঞাত কারণে শুনানি শুরু করেনি বাংলাদেশ ব্যাংক।