মিনি ল্যাপটপ হবে ডিজিটাল ডাক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিনি ল্যাপটপ হবে ডিজিটাল ডাক্তার’ এই স্লোগানকে সামনে রেখে দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে মোট ১৩ হাজার ৮৬১টি মিনি ল্যাপটপ বিতরণের পরিকল্পনা হতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ জনগণের টেলিমেডিসিন সেবা, স্বাস্থ্য সংক্রান্ত হালনাগাদ তথ্য ও স্বাস্থ্য শিক্ষার সুযোগ পাবেন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার সময় এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০১৫-১৬ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য অনুন্নয়ন ও উন্নয়ন খাতে মোট ১২ হাজার ৭২৬ কোটি টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব করেন তিনি। এর মধ্য অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৩৯৪ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৩৩১ কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, দেশের ৬৪টি হাসপাতাল ও ৪১৮টি উপজেলা হাসপাতালে মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য অফিসগুলোতে ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে।
অর্থমন্ত্রী বলেন, গবীর, দুস্থ ও গর্ভবর্তী মায়েদের জন্য ৫৩টি উপজেলায় চালানো হচ্ছে মাতৃস্বাস্থ্য ভাউচার কর্মসূচি। আরও ২০টি উপজেলায় এ কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ১৩২টি উপজেলায় জরুরি প্রসূতি সেবা কার্যক্রম জোরদার করা হয়েছে।
জনস্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, জনস্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে সরকার জাতীয় ওষুধ নীতি-ছক প্রণয়ন করেছে। একই সঙ্গে ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ ড্রাগ অ্যাক্ট ১৯৪০ ড্রাগ রুলস ১৯৪৫ ও ১৯৪৬ সহ বিভিন্ন সংশোধনী একত্র ও যুগোপযোগী করার কাজ চালিয়ে যাচ্ছে সরকার।