মিন্টুর গ্রেপ্তার ও হরতালে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুর গ্রেপ্তার ও ধ্বংসাত্মক হরতালে উদ্বিগ্ন ব্যবসায়ী সমাজ। এ কারণে হরতাল প্রত্যাহার এবং মিন্টুর মুক্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতারা। গতকাল বুধবার ফেডারেশনের জরুরি সভা শেষে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।
সংগঠনটি বলছে, আবদুল আউয়াল মিন্টু এফবিসিসিআইয়ের সাবেক সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বেসরকারি খাতের উন্নয়নে দীর্ঘদিন ধরে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন। দেশের চলমান সংকট মোকাবিলায় ব্যবসায়ী সমাজের উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এ অবস্থায় তাঁর গ্রেপ্তার অনাকাঙ্ক্ষিত। তিনি ৮ নভেম্বর গ্রেপ্তার হন।
এ ছাড়া বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার মতো ঘটনায় উদ্বেগ জানিয়েছে এফবিসিসিআই। শীর্ষ বাণিজ্য সংগঠনটি বলছে, এ ধরনের ধ্বংসাত্মক হরতাল দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করবে। এ জন্য হরতালের পরিবর্তে আলাপ-আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানানো হয়।