টেকনাফ স্থলবন্দরের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের
মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি আট মাস বন্ধ
অতিরিক্ত মাশুল আদায় করায় টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি আট মাস ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার টেকনাফ স্থলবন্দরের সম্মেলনকক্ষে স্থানীয় আমদানিকারক ও ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে এ অভিযোগ করা হয়। পাশাপাশি স্থলবন্দরটিতে সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিও জানানো হয়।
মন্ত্রণালয়ের প্রতিনিধিদলে অতিরিক্ত সচিব ও দ্রব্যমূল্য তদারক কমিটির প্রধান অমিতাভ চক্রবর্তী এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এম কে এম ইকবালসহ কয়েকজন কর্মকর্তা রয়েছেন।
বৈঠকে টেকনাফের ব্যবসায়ী ও পেঁয়াজ আমদানিকারক এম এ হাশেম বলেন, ২০১৪ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত মিয়ানমার থেকে ৩২৪ টন পেঁয়াজ আমদানি হয়। এরপর আট মাস ধরে আমদানি বন্ধ আছে। কারণ দেশের অন্য স্থলবন্দরের তুলনায় টেকনাফে অতিরিক্ত বন্দর মাশুল আদায় করা হয়। সরকারি সহযোগিতা পেলে আবার মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হবে।
এম এ হাশেম আরও বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের চুক্তি অনুযায়ী ব্যবসায়ীরা সাত দিন অবস্থান করতে পারবেন। কিন্তু মিয়ানমারের কর্তৃপক্ষ ব্যবসায়ীদের তিন দিনের বেশি থাকতে দিচ্ছে না।
স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক জানান, স্থলবন্দরে পণ্য ওঠা-নামার জেটি ছোট। মিয়ানমার থেকে আসা পণ্যবাহী কার্গো ট্রলার দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। মালামাল খালাসে বিলম্ব হওয়ায় অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। জেটিটি সংস্কার করা প্রয়োজন।
অতিরিক্ত বাণিজ্যসচিব অমিতাভ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, এই বন্দরে এলসি চালুসহ ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ, স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের উপব্যবস্থাপক সাঈদ আনোয়ার হোসেন, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি দিদার হোসেন প্রমুখ বক্তব্য দেন।