মিরপুরে দামে রকমফের হয় দর-কষাকষিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১০ নম্বর থেকে কাজীপাড়ার দূরত্ব বড়জোর দেড় কিলোমিটার হলেও দুই এলাকার কাঁচাবাজারে কিছু পণ্যের দামের তারতম্যটা বেশ।কাজীপাড়া কাঁচাবাজারে গতকাল শনিবার এক কেজি কাঁচা মরিচ বিক্রি হয় ৬০ থেকে ৮০ টাকায়। তবে মিরপুর ১০ নম্বরের ফকিরবাড়ী কাঁচাবাজারে সেই মরিচ বিক্রি হয়েছে ৪০ থেকে ৬০ টাকা কেজি। আবার কাজীপাড়া কাঁচাবাজারে যেখানে এক কেজি টমেটো বিক্রি হয়েছে ১০০ টাকা দরে, সেখানে মিরপুর ১০ নম্বর গোলচত্বরসংলগ্ন বাজারে সেই টমেটোর দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা কেজি। দামের এই তারতম্যের কারণ হিসেবে বিক্রেতারা বলছেন পণ্যের গুণগত মানের কথা। কাজীপাড়ার একাধিক সবজি বিক্রেতার দাবি, তাঁদের সবজির মান অনেক ভালো।অবশ্য বাজার ঘুরে এ-ও দেখা গেছে, দর-কষাকষির কারণেও পণ্যের দামের বেশ হেরফের হয়। শুধু বাজারভেদে নয়, একই বাজারে বিক্রেতাভেদেও পণ্যের দামে কিছুটা হেরফের রয়েছে।দুই বাজারে কয়েকটি পণ্যের দামের তারতম্য থাকলেও বেশির ভাগ সবজির দামে কোনো হেরফের ছিল না। গতকাল শসা, বরবটি, বেগুন ও আলুর দাম ছিল একই। উভয় বাজারেই প্রতিকেজি শসা ও বরবটি ৩০ টাকা, বেগুন ৩০ থেকে ৪০ টাকা এবং আলু ২২ থেকে ২৫ টাকা দরে বিক্রি হয়েছে।মাছের দামের মধ্যে দুই বাজারে তফাত ছিল ইলিশ আর কই মাছের। কাজীপাড়া বাজারে প্রতিটি জাটকা ইলিশের দাম ছিল আকার ভেদে ৪০০ থেকে ৭০০ টাকা। আর মিরপুর ১০ নম্বর বাজারে প্রতিটি জাটকা ইলিশের দাম ছিল ৩০০ টাকা। আকারের দিক থেকে কই মাছের খুব বেশি পার্থক্য না থাকলে প্রতি কেজিতে দামের তারতম্য ছিল প্রায় ২০ টাকা। কাজীপাড়ায় যে কই মাছ ২০০ টাকায় বিক্রি হয়েছে, মিরপুর ১০ নম্বর কাঁচাবাজারে তার দাম ছিল ১৮০ টাকা।