মিরসরাই অর্থনৈতিক অঞ্চল তৈরি হবে দুই বছরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দুই বছরের মধ্যে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রাথমিকভাবে ৫৫০ একর জায়গায় শিল্পকারখানা স্থাপনের কাজ শুরুর উপযোগী করে গড়ে তোলা হবে। ইতিমধ্যে এই জায়গায় শিল্পপার্ক উন্নয়নের কাজ চলছে। ধীরে ধীরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল স্বয়ংসম্পূর্ণ শিল্পনগরীতে পরিণত করা হবে।
গতকাল রোববার নগরের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে অর্থনৈতিক অঞ্চল নিয়ে এক অনুষ্ঠানে এই তথ্য জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম তুলে ধরে উদ্যোক্তাদের এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
‘ইনভেস্টমেন্ট প্রমোশন রোড-শো, ডেভেলপমেন্ট অব ইকোনমিকস জোনস ইন বাংলাদেশ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বেজা। প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এই রোড শোর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম বাংলাদেশের অর্থনৈতিক সড়ককে অনেক বেশি মসৃণ করবে। প্রধানমন্ত্রীর ২০২১ গোল বাস্তবায়ন ও মধ্য আয়ের দেশে পরিণত করতে অর্থনৈতিক অঞ্চলের বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইন ও সংসদবিষয়ক সচিব মোহাম্মদ শহিদুল হক, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, বেজার নির্বাহী সদস্য মোহাম্মদ আবদুস সামাদ বক্তব্য দেন।
চেম্বার সভাপতি মাহবুবুল বলেন, ‘পোশাক কারখানার শুরু চট্টগ্রামে। একসময় পোশাক খাতের মোট রপ্তানির ৪০ শতাংশ চট্টগ্রাম থেকে হতো। এখন নেমে এসেছে ১১ শতাংশে। ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে চট্টগ্রামের পোশাকশিল্পের আলাদা অঞ্চল গড়ে তুলতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও অর্থনৈতিক অঞ্চলের ভূমিকা’ এবং ‘অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ’ শীর্ষক দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা ও বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, এ কে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান, সেন্টার ফর পলিসি ডায়ালগ—সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম।
অধিবেশনে আরও বক্তব্য দেন পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপারসের পরিচালক ভিকাশ সারদা, মাহিন্দ্র কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সের চিফ অপারেটিং অফিসার সি এস নারায়ণ প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, বিজিএমইএ, চট্টগ্রাম ইপিজেড, বিভিন্ন শিল্পগ্রুপ, ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।