মিরসরাই এসইজেডে গ্যাস সরবরাহে ২৮৯ কোটি টাকার প্রকল্প
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য ১৭ কিলোমিটার পাইপলাইন নির্মাণের অনুমোদন দিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। ২৮৯ কোটি টাকা ব্যয়ে এ পাইপলাইনটি নির্মাণ করবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) যেসব বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপন করছে, এর মধ্যে মিরসরাইকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই এসইজেডে গ্যাস পাইপলাইনের প্রকল্প অনুমোদিত হওয়ায় গ্যাস সরবরাহসংক্রান্ত অনিশ্চয়তা দূর হবে বলে আশা করছে বেজা।
মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হবে প্রায় ৩০ হাজার একর জায়গাজুড়ে। এটিই হবে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। চট্টগ্রাম বন্দরের কাছাকাছি হওয়ায় এটি নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি। ইতিমধ্যেই বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠানও এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।
জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, দিনে প্রায় ২০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের লক্ষ্য নিয়ে পাইপলাইন নির্মাণ করা হবে। পাইপের ব্যাস হবে ১০ ইঞ্চি। প্রকল্পটির মেয়াদ এক বছর। ফলে ২০১৭ সালের মধ্যেই পাইপলাইন নির্মাণের কাজ শেষ করতে হবে।
বেজার একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দেশে ২০১৮ সালে তরলায়িত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু হবে। সেই গ্যাস প্রথমেই দেওয়া হবে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে। এর ফলে সেখানে গ্যাসভিত্তিক প্রচুর শিল্পকারখানা প্রতিষ্ঠিত হবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলটির প্রথম অংশ আর মাস ছয়েকের মধ্যে বিনিয়োগ উপযোগী হবে।
২০৩০ সালের মধ্যে দেশে ১০০টি এসইজেড নির্মাণ করতে চায় সরকার। এর বেশির ভাগ হবে সরকারিভাবে। এ ছাড়া বেসরকারি খাতেও কিছু এসইজেড নির্মাণ করা হচ্ছে।