মিরসরাই-সোনাগাজীতে বৃহত্তম এসইজেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর সোনাগাজীতে দেশের সবচেয়ে বড় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) হবে। এ অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে ফেনীর সোনাগাজীতে বিমানবন্দর ও একটি ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।
ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল রোববার আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং পরিবেশ ও বনসচিব কামাল উদ্দিন আহমেদ সরকারের এসব পরিকল্পনার কথা জানান। জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেজার সচিব মো. আইয়ুব।
সভায় পবন চৌধুরী বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে দেশে ১০০টি এসইজেড গড়ে তোলা হবে। ইতিমধ্যে ৪৬টি এসইজেড জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী পরিষদের (একনেক) অনুমোদন পেয়েছে। মিরসরাই ও মংলায় ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে।
পবন চৌধুরী বলেন, এসইজেড স্থাপনে মিরসরাইয়ে সাড়ে ছয় হাজার একর এবং সোনাগাজীতে সাড়ে সাত হাজার একর জমি নেওয়া হয়েছে। সোনাগাজী-মিরসরাইয়ের অবস্থান পাশাপাশি হওয়ায় দুটি মিলেই একপর্যায়ে একটি অর্থনৈতিক অঞ্চল হবে। তখন এটিই হবে দেশের সবচেয়ে বড় এসইজেড। তিনি আরও বলেন, ‘১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে সেগুলোতে এক কোটি লোকের কর্মসংস্থান হবে। রপ্তানি বাড়বে চার হাজার কোটি ডলার।’
কামাল উদ্দিন আহমেদ জানান, ফেনীর কাজিরবাগ ও পরশুরামের বিলোনিয়া এলাকায় দুটি ইকোপার্ক স্থাপন করা হবে। তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানা সবই হবে পরিবেশবান্ধব।