মিরসরাইতে ১০০ কোটি ডলার বিনিয়োগের আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) ইস্পাত পণ্য উৎপাদনে যৌথভাবে ১০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) ও চীনের কুনমিং আয়রন অ্যান্ড স্টিল হোল্ডিং কোম্পানি (কেআইএসসি)। গতকাল রোববার এ দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান পবন চৌধুরীর সঙ্গে দেখা করে এ আগ্রহের কথা জানান।
এক বিজ্ঞপ্তিতে বেজা জানায়, বিনিয়োগের লক্ষ্যে বিএসআরএম ও কেআইএসসি সম্ভাব্যতা যাচাই শুরু করেছে। আগামী পাঁচ বছরে তারা এ বিনিয়োগ করতে চায়। এ কারখানা স্থাপিত হলে এ মিল থেকে বছরে ১৮ লাখ টন ইস্পাত পণ্য পাওয়া যাবে।
বেজার চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহুসেইন আকবরআলী ও কেআইএসসির পরিচালক উ ইউন কুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চীনা ব্যবসায়ীদের বেজার পক্ষ থেকে এসইজেডে বিনিয়োগের সুবিধা সম্পর্কে জানানো হয়।