মিরসরাইয়ে ইপিজেড করবে বেপজা
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১ হাজার ১৫০ একর জমিতে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠা করবে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)। এ লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে সংস্থাটি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এ স্মারক সই হয়। এতে বেজার পক্ষে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী ও বেপজার পক্ষে নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিবুর রহমান খান স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি হবে বেপজার নবম অর্থনৈতিক অঞ্চল। অন্যদিকে মিরসরাই হবে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। এর আয়তন হবে ৩০ হাজার একর। বর্তমানে এ অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠায় কাজ করছে বেজা।
চট্টগ্রাম বন্দরের কাছে হওয়া ও অন্যান্য সুযোগ-সুবিধার কারণে মিরসরাই বেশ আকর্ষণীয় বিনিয়োগ কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে। সেখানে বিনিয়োগের জন্য দেশি-বিদেশি প্রতিষ্ঠান এর মধ্যেই ব্যাপক আগ্রহ দেখিয়েছে। বেজা কিছু জমি বরাদ্দের জন্য ইতিমধ্যে বিবরণপত্র প্রকাশ করেছে।