মিরসরাইয়ে বিসিক শিল্পনগর হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) একটি শিল্পনগর গড়ে তুলছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বাড়বে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে মিরসরাই সদর ইউনিয়নের কিসমত জাফরাবাদে (রেলস্টেশন সড়কের পাশে) ১৫ একর ৩২ শতক জমির ওপর স্থাপন করা হবে এই শিল্পনগর।মিরসরাই বিসিক শিল্পনগরের প্রকল্প পরিচালক মেজবাহুর রহমান জানান, এই প্রকল্পে পানি-বিদ্যুৎ ও গ্যাসের সংযোগসহ সার্বিক অবকাঠামো সুবিধা-সংবলিত মোট ৮৮টি প্লট তৈরি করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৯৪ লাখ টাকা। ইতিমধ্যে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। ২০১৩ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।সম্প্রতি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বিসিকের এই শিল্পনগরের প্রকল্প এলাকা পরিদর্শন করায় স্থানীয় জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, বিসিকের চেয়ারম্যান ফখরুল ইসলাম, পরিচালক খায়রুল এনাম, সচিব ভুবন চন্দ্র বিশ্বাস, পরিকল্পনা বিভাগের মহাব্যবস্থাপক আবু তাহের খান, চট্টগ্রাম-সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক আবদুর বাসেক, মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম প্রমুখ।দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সবসময় প্রস্তুত। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। বিসিক সূত্রে জানা গেছে, এ শিল্পনগরে ছয় হাজার বর্গফুটের ‘এ’ শ্রেণীর ৩৭টি, সাড়ে চার হাজার বর্গফুটের ‘বি’ শ্রেণীর ২৯টি ও ‘এস’ শ্রেণীর ২২টি প্লট থাকবে। এসব প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোক্তাদের বেশি প্রাধান্য দেওয়া হবে।তবে চট্টগ্রামে গ্যাসসংকট প্রকট হওয়ায় এখানে যাঁরা বিকল্প জ্বালানি ব্যবহার করবেন, তাঁরাই সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে প্লট বরাদ্দ পাবেন।মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিসিক শিল্পনগর স্থাপিত হলে মিরসরাই আর পিছিয়ে থাকবে না। এটি ছিল মিরসরাইবাসীর দীর্ঘ দিনের দাবি।’