মিরসরাইয়ে বিসিক শিল্পনগর হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) একটি শিল্পনগর গড়ে তুলছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বাড়বে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে মিরসরাই সদর ইউনিয়নের কিসমত জাফরাবাদে ১৫ একর ৩২ শতক জমির ওপর স্থাপন করা হবে এই শিল্পনগর।মিরসরাই বিসিক শিল্পনগরের প্রকল্প পরিচালক মেজবাহুর রহমান জানান, এই প্রকল্পে পানি-বিদ্যুৎ ও গ্যাসের সংযোগসহ সার্বিক অবকাঠামো সুবিধা-সংবলিত মোট ৮৮টি প্লট তৈরি করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৯৪ লাখ টাকা। ইতিমধ্যে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। ২০১৩ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।সম্প্রতি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া শিল্পনগরের প্রকল্প এলাকা পরিদর্শন করায় স্থানীয় জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বিসিকের চেয়ারম্যান ফখরুল ইসলাম, পরিচালক খায়রুল এনাম, সচিব ভুবন চন্দ্র বিশ্বাস, পরিকল্পনা বিভাগের মহাব্যবস্থাপক আবু তাহের খান, চট্টগ্রাম-সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক আবদুর বাসেক, মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম প্রমুখ।