মিরসরাইয়ে শিল্প পার্ক গড়ার আগে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ দাবি
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রস্তাবিত শিল্প পার্ক গড়ে তোলার আগে এই এলাকায় চার লেন সড়ক নির্মাণ, ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও গ্যাসের সংযোগ দিতে হবে।সাংসদ মোশাররফ হোসেন সম্প্রতি মিরসাইয়ের উপকূলীয় এলাকার প্রস্তাবিত শিল্প পার্কের স্থান পরিদর্শনে এসে এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য আবু রেজা খান, মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদ কুতুব, চট্টগ্রাম সমবায় ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুল আনোয়ায় বাহার, পৌর মেয়র মো. শাহজাহান, ইছাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশীদ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।সরকার চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকায় ১৭ হাজার একর জমির ওপর এই শিল্পপার্ক গড়ে তোলার উদ্যোগ নেয়।মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, শিল্প পার্ক গড়ে তোলা হলে মিরসরাইয়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে।