মিরসরাইয়ে ১০০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ২০টি দেশি-বিদেশি কোম্পানি। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) মিরসরাইয়ে জমি বরাদ্দের প্রসপেক্টাস বা বিবরণপত্র প্রকাশের পর এসব বিনিয়োগ প্রস্তাব এসেছে।

এই বিপুল অর্থ বিনিয়োগের জন্য মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৩ হাজার ২৮১ একর জমি বরাদ্দ চেয়েছে বিনিয়োগকারীরা। বর্তমানে এই অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৬ হাজার একর জমি আছে বেজার হাতে। সেখান থেকে গতকাল সোমবার একটি প্রতিষ্ঠানকে ৫০০ একর জমি বরাদ্দ দিয়েছে সংস্থাটি।

মিরসরাই হবে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। এর আকার হবে ৩০ হাজার একর। বেজা গত এপ্রিল মাসে মিরসরাইয়ে জমি বরাদ্দের বিবরণপত্র প্রকাশ করে। এরপর ৮০টি প্রতিষ্ঠান আবেদনপত্র সংগ্রহ করেছে। বিস্তারিত বিনিয়োগ পরিকল্পনা ও জমির ইজারামূল্যের ১ শতাংশ অর্থসহ পূর্ণাঙ্গভাবে প্রস্তাব জমা দিয়েছে ১৮টি প্রতিষ্ঠান।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, মিরসরাইয়ের বিনিয়োগকারীদের যে আগ্রহ দেখা যাচ্ছে, তা উৎসাহব্যঞ্জক। এখন যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে ২০৩০ সাল নাগাদ এই অর্থনৈতিক অঞ্চলে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাওয়া যাবে বলে আশা করা যায়। তিনি বলেন, মিরসরাই সরকারের একটি সফল উদ্যোগ হতে যাচ্ছে। যেসব বিনিয়োগ প্রস্তাব এসেছে, তা প্রতিটিই ‘সিরিয়াস’। কারণ, প্রস্তাবের সঙ্গে তাদের বড় অঙ্কের অর্থও জমা দিতে হয়েছে।

মিরসরাইতে সবচেয়ে বড় বিনিয়োগ প্রস্তাবটি এসেছে পিএইচপি গ্রুপের কাছ থেকে। পিএইচপি স্টিল ওয়ার্কস একটি বিদেশি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে মিরসরাইয়ে একটি স্টিল মিল প্রতিষ্ঠা করতে চায়। এ জন্য দুই ধাপে তারা ৪০০ কোটি ডলার বা ৩২ হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে।

মিরসরাইয়ে চীনের ঝেজিয়াং জিনদুন হোল্ডিং গ্রুপ ২৫০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় বড় একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য। স্টিল মিলে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় চীনেরই আরেক প্রতিষ্ঠান কুনমিং স্টিল।

কেএসআরএম গ্রুপ মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চামড়া ও চামড়াজাত পণ্য, বস্ত্র, বিদ্যুৎ ও স্টিল মিলে বিনিয়োগে আগ্রহী। তাদের বিনিয়োগ প্রস্তাব ৭৯ কোটি ডলার। বসুন্ধরা গ্রুপকে গতকাল বেজা ৫০০ একর জমি বরাদ্দ দিয়েছে। এ জমিতে তারা কাগজ ও সংশ্লিষ্ট পণ্যের মিল প্রতিষ্ঠা করবে। বিনিয়োগ প্রস্তাব ৪৯ কোটি ডলারের।

বিএসআরএম গ্রুপ মোট তিনটি বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। তারা সেখানে যৌথ বিনিয়োগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও স্টিল মিল করতে চায়। এ গ্রুপের মোট বিনিয়োগ প্রস্তাব ৪৫ কোটি ডলার।

এ ছাড়া সামিট চিটাগং পাওয়ার ২২ কোটি, সিরাজ সাইকেল ইন্ডাস্ট্রি ২ কোটি ৩৮ লাখ, বিপিডিবি আরপিসিএল পাওয়ার জেনারেশন সাড়ে ১৩ কোটি, আরব-বাংলাদেশ ফুড ১ কোটি ২৫ লাখ, গ্যাস-১ লিমিটেড ২ কোটি ৩৮ লাখ, ফন ইন্টারন্যাশনাল ২ কোটি ৬২ লাখ, ট্রেড ইন্টারন্যাশনাল ৬ কোটি ৯১ লাখ, আরমান হক ডেনিমস ৮৮ লাখ এবং অর্কিড এনার্জি ২ কোটি ৬৫ লাখ ডলার বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। এর বাইরে যমুনা স্পেসটেক জয়েন্ট ভেনচার, বেঙ্গল বাংলাদেশ ও গ্রেট ওয়াল চূড়ান্ত বিনিয়োগ প্রস্তাব দিয়েছে।

বেজা জানিয়েছে, আরও কয়েকটি প্রতিষ্ঠান বড় ধরনের বিনিয়োগ প্রস্তাব দেবে। এসব প্রতিষ্ঠান অনেকে অনুন্নত জমি চাইছে, যা নিজেরা উন্নত করে নেবে। আবার অনেকে উন্নত জমিই চেয়েছে। ২০২১ সাল নাগাদ মিরসরাইয়ে ১৫ হাজার একর
জমি বিনিয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত হবে।