মিলমালিকদের কাছে জিম্মি হচ্ছেন কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ধান-চাল কেনা সচল না থাকায় মিলমালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের কৃষক সমাজ। গুদামের অভাবে উৎপাদিত ফসল কৃষকেরা সংরক্ষণ করতে পারেন না। আর বিক্রি করতে গেলে উৎপাদন খরচের চেয়ে কম দাম পান তাঁরা।বাংলাদেশ ব্যাংক আয়োজিত ‘এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট সেমিনারে’ সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেছেন। বর্তমান গভর্নর আতিউর রহমান এতে সভাপতিত্ব করেন। সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মোহাম্মদ ফরাসউদ্দিন কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এলসিইডির অধীনে থাকা খাদ্যগুদামের সংখ্যা বাড়িয়ে ৩০ হাজারে উন্নীত করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি বাজার পরিস্থিতির উন্নয়নে সমবায় ও টিসিবিকে কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছেন।ফরাসউদ্দিন বলেন, মূল্যসন্ত্রাস ঠেকাতে হলে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে, তা না হলে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে এটা চলবে। তিনি সমবায় ব্যবস্থাকে গুরুত্ব দিতে পরামর্শ দেন। বলেন, ‘বিভিন্ন কারণে সমবায় ব্যবস্থা এখন সমাদৃত নয়। কিছু লোভী মানুষ সমবায়কে নষ্ট করে গেছে। কিন্তু আমাদের মতো দেশের উন্নয়ন ঘটাতে হলে সমবায়কে সচল করার কোনো বিকল্প নেই।’ ফরাসউদ্দিন আরও বলেন, বাজার নিয়ন্ত্রণের আরেকটি ব্যবস্থা হচ্ছে টিসিবি। সরকারের পক্ষ থেকে টিসিবিকে সক্রিয় করা হবে বলে ঘোষণা দেওয়া হলেও গত দুই বছরে তা কার্যকর করা হয়নি। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। কিন্তু এ সরকারের বর্তমান সময়ে এসব সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে উঠছে। সাবেক গভর্নর আরও বলেন, এখন বিভিন্ন ব্যাংক এসএমইর নামে টাকা নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করছে। ব্যাংকগুলো অতি লাভের আশায় নতুন উদ্যোগ সৃষ্টির লক্ষ্যে ঋণ না দিয়ে চলতি ঋণ দিয়ে যাচ্ছে। ব্যাংকগুলোকে নতুন উদ্যোগে ঋণ দিতে বাধ্য করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের জন্য গ্রামে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি তৈরি করতে পারলে ভালো কর্মসংস্থান হবে বলে মত দেন তিনি।আতিউর রহমান বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ভূমিকা অনস্বীকার্য। শ্রমঘন এবং উৎপাদন সময়কাল স্বল্প হওয়ায় এ খাতটি জাতীয় আয় ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক অবদান রাখতে সক্ষম। তিনি বলেন, জাপান, কোরিয়া, তাইওয়ান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ছাড়াও প্রতিবেশী দেশগুলো মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোর ওপর ব্যাপক গুরুত্ব দিচ্ছে।