২০১০-১১ অর্থবছরে মিল্ক ভিটা নিট নয় কোটি পাঁচ লাখ ৬৪ হাজার টাকা মুনাফা করেছে। দেশের বৃহত্তর দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি মিল্ক ভিটার ৩৪তম বার্ষিক সাধারণ সভায় গতকাল এ তথ্য জানানো হয়েছে। সভায় আরও জানানো হয়, আলোচ্য অর্থবছরে মিল্ক ভিটা কাঁচা দুধ ক্রয় বাবদ ২০ কোটি ৯২ লাখ ৪৪ হাজার টাকা বেশি পরিশোধ করেছে। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সারা দেশ থেকে এক হাজার ৫০টি সমবায় সমিতির প্রতিনিধিরা যোগ দেন। সম্মেলনে আসন্ন রমজান মাস উপলক্ষে খামারি পর্যায়ে তরল দুধের সংগ্রহ মূল্য প্রতি লিটারে দুই টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। সাংসদ চয়ন ইসলামের সভাপতিত্বে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী। সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, জোট সরকারের আমলে মিল্ক ভিটায় ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ২০ কোটি টাকা ব্যয়ে পানি প্রক্রিয়াজাতকরণ যন্ত্র ক্রয় ও নরসিংদীতে কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু এগুলোর কোনোটি কাজে লাগানো হয়নি। এসব দুর্নীতির সঙ্গে মিল্ক ভিটার যেসব কর্মকর্তা যুক্ত ছিলেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করা হবে। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার।সম্মেলনে মিল্ক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, চলতি বছর মিল্ক ভিটার সমবায়ীদের ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। পাবনার ভাঙ্গুরা উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ বলেন, এখনো মিল্ক ভিটার দুধে পানি মেশানো হচ্ছে। অপ্রয়োজনে প্রচুর লোক নিয়োগ দেওয়া হচ্ছে।