মিশ্র প্রবণতা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে
কিছুটা মিশ্র প্রবণতায় আজ বৃহস্পতিবার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক ও লেনদেনে মিশ্র অবস্থা লক্ষ করা গেছে দুই স্টক এক্সচেঞ্জে।
ডিএসইতে সূচক কমেছে ১ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৫৯২ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক ৪০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৬টির দাম বেড়েছে, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১৭ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৫৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ এ প্রতিষ্ঠানের ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্ট, হেইডেলবার্গ সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসসি, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, এবি ব্যাংক, বিএসসিসিএল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে সূচক বেড়েছে ২০ পয়েন্ট
ডিএসইতে সূচক ও লেনদেন কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৮৫ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮১টির দাম বেড়েছে, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৩৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।