মিশ্র প্রবণতা দুই শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার মিশ্র প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিন শেষে দুই বাজারেই সূচকের বাড়তি প্রবণতা লক্ষ করা গেছে। আজ ডিএসইতে লেনদেন সামান্য কমলেও সিএসইতে সামান্য বেড়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ৪৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২২ কোটি টাকা কম। গতকাল সোমবার এই বাজারে ৪৭৮ কোটি টাকার লেনদেন হয়েছিল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ৩৬ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।

এদিকে দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪,১২৭ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৫২টির দাম বেড়েছে; কমেছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

ডিএসইর মতো সিএসইতেও সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৭৩৩ পয়েন্টে।

আজ সিএসইতে হাতবদল হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দাম বেড়েছে; কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। প্রতিষ্ঠানটির ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অ্যাকটিভ ফাইন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসসিসিএল, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, ইউনিক হোটেল, তাল্লুু স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, বিইডিএল প্রভৃতি।