মিশ্র প্রবণতা শেয়ারবাজারে
কিছুটা মিশ্র প্রবণতায় আজ বুধবার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক সামান্য কমেছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে।
ডিএসইতে ৪৩৬ কোটি টাকার লেনদেন
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৫৬৬ দশমিক ৮৫ পয়েন্টে।
সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৩টির দাম কমেছে, বেড়েছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৯ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৩৮৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে রেনাটা
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে রেনাটা। আজ এ প্রতিষ্ঠানের ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, এসিআই, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, হেইডেলবার্গ সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, বিএসসিসিএল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে ৩৩ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৩ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২০টির দাম কমেছে, বেড়েছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।