মিশ্র প্রবণতা শেয়ারবাজারে
মিশ্র প্রবণতায় আজ বৃহস্পতিবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সামান্য বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে।
অন্যদিকে ডিএসইতে গতকালের চেয়ে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে ।
ডিএসইতে সূচক বেড়েছে ৫ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৪০৯ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে ৭ পয়েন্ট সূচক বাড়ে। তবে বেলা ১১টা ৪০ মিনিটে সূচক কমেছিল ২২ পয়েন্ট। এরপর আবার ইতিবাচক প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
গতকাল ডিএসইতে সূচক বেড়েছিল ১০ পয়েন্ট।
ডিএসইতে আজ ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টির দাম বেড়েছে, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩০২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৫ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৩৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। আজ এই প্রতিষ্ঠানের ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, স্কয়ার ফার্মা, বিএসসি, বিএসসিসিএল, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি, জেনারেশন নেক্সট ফ্যাশন প্রভৃতি লেনদেনের শীর্ষে ছিল।
সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ২ পয়েন্ট
ডিএসইতে সূচক বাড়লেও কমেছে সিএসইতে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬০৩ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৬টির দাম বেড়েছে। কমেছে ১০১টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।