মিশ্র প্রবণতা শেয়ারবাজারে
মিশ্র প্রবণতায় আজ মঙ্গলবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সামান্য কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারেই।
ডিএসইতে ২১৮ কোটি টাকার লেনদেন
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৩৭৬ দশমিক ৫২ পয়েন্টে।
সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সামান্য সূচক বাড়ে। তবে বেলা ১১টার দিকে সূচক ১১ পয়েন্ট কমে যায়। এরপর আবার ইতিবাচক প্রবণতায় লেনদেন চললেও শেষ পর্যন্ত সূচক সামান্য কমে যায়। গতকালও ডিএসইতে সূচক কমেছিল ৩৪ পয়েন্ট।
ডিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৫টির দাম বেড়েছে, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ২১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৭ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ১৯১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। আজ এই প্রতিষ্ঠানের ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, অ্যাপোলো ইস্পাত, বিএসসিসিএল, দ্য পেনিনসুলা চিটাগং, মেঘনা পেট্রোলিয়াম প্রভৃতি।
সিএসইতে ২৩ কোটি টাকার লেনদেন
ডিএসইতে সূচক সামান্য কমলেও বেড়েছে সিএসইতে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৮৪ পয়েন্টে।
সিএসইতে আজ ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৫২টির দাম বেড়েছে। কমেছে ১১৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।