মিষ্টি মরিচ চাষ করে শ্রেষ্ঠ কৃষক হলেন আনছার আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কৃষক আনছার আলী লেখাপড়া জানেন না, শুধু নাম দস্তখত করতে পারেন। কয়েক বছর আগে নিজের জমিতে মিষ্টি মরিচ চাষ করা শুরু করেন তিনি। লোকজন তখন হাসত। বাজারে বিক্রিও হতো না এই মরিচ। হঠাৎ একদিন রাস্তায় দেখে এক ব্যাংকার তাঁর কাছ থেকে সব মরিচ কিনে নেন। আনছার আলী জানতে পারেন, ব্যাংকার ওই মরিচ অনেক বেশি দামে বিক্রি করেন ঢাকায়।এসব কথা জানিয়ে আনছার আলী বলেন, ‘কিন্তু ঢাকায় কোথায় মরিচ বিক্রি করেন ওই ব্যাংকার, তার ঠিকানা বলেন না। অনেক কষ্ট করে ঠিকানা বের করেছি। এখন নিজেই বিক্রি করি।’ তিনি বলেন, গুলশান, বনানীসহ ঢাকার সব অভিজাত এলাকায় এখন মিষ্টি মরিচ বিক্রি হয়। হোটেলগুলোতেও লাগে। মিষ্টি মরিচসহ দেশি-বিদেশি বিভিন্ন সবজি চাষ করে আনছার আলী এখন দুই বিঘা থেকে ১৩ বিঘা জমির মালিক হয়েছেন। তিনি জানান, এই উন্নতির পেছনে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর সাহায্য-সহযোগিতা অনেক কাজে লেগেছে। তবে একা একা উন্নতিতে তিনি বিশ্বাসী নন। আর তাই দৃঢ়কণ্ঠে আনছার আলী বলেন, ‘ঘরে ঘরে আরও আনছার আলী তৈরি করতে চাই।’আনছার আলীর মতো এ রকম উদ্যোক্তাদেরই হাতে গতকাল শনিবার মেধার স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাজধানীর স্থানীয় এক হোটেলে ‘সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ২০১০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। সিটিব্যাংক এনএ বাংলাদেশ এবং ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন সিটি ক্ষুদ্র উদ্যোক্তা কর্মসূচির উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি পারভীন মাহমুদ। এ ছাড়া বক্তব্য দেন সিটিব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ, সিডিএফের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম। ছয় বছর ধরে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এবার যাঁরা পুরস্কার পেয়েছেন তাঁদেরই একজন হচ্ছেন কৃষক আনছার আলী। তিনি ‘শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা’ হয়েছেন। এ ছাড়া ‘শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা’ হিসেবে টাঙ্গাইলের মাশরুম উৎ পাদনকারী মির্জা মোরশেদা আক্তার লিপি, ‘শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা’ হিসেবে ঢাকার রাবার কারখানা তৈরিকারী তাজ নাহার বেগম এবং ‘শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান’ হিসেবে যশোরের জাগরণী চক্র ফাউন্ডেশনকে পুরস্কৃত করা হয়।চার বিজয়ীর হাতে পুরস্কারের চেক, ক্রেস্ট ও একটি করে সনদ তুলে দেন অর্থমন্ত্রী। পুরস্কারের মূল্যমান প্রতিটি তিন লাখ ৫০ হাজার টাকা।উদ্যোক্তা তৈরিতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, দেশে প্রথম এনজিও কার্যক্রম শুরু করেন ফজলে হাসান আবেদের ব্র্যাক। পরে নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূস নিয়ে আসেন গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক ঠিক এনজিও না হলেও কার্যক্রম এনজিওর মতোই। এসব প্রতিষ্ঠান মানুষকে সেবা দেওয়ার চেষ্টায় নিয়োজিত বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে জানানো হয়, সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারের উদ্দেশ্য হচ্ছে, দেশের আর্থসামাজিক উন্নয়নে ক্ষুদ্র উদ্যোক্তা ও ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলো যে অবদান রাখছে, তার স্বীকৃতি দেওয়া।গভর্নর বলেন, ভাবতেই অবাক লাগে যাঁরা ভাগ্যের বরপুত্র নন, বেকারত্বের অভিশাপ নিয়ে যাঁরা বেড়ে উঠছিলেন, অপরিসীম ধৈর্য, মনোবল, শক্তি আর সাহসের ওপর ভর করে এসব উদ্যোক্তা আজ শুধু নিজেদের ভাগ্যই বদলাননি, অন্যদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করছেন।রাশেদ মাকসুদ বলেন, ক্ষুদ্রঋণের মাধ্যমে যাঁরা ভাগ্য বদলের চেষ্টা করছেন, সিটি গ্রুপ তাঁদের সঙ্গে রয়েছে।পারভীন মাহমুদ বলেন, সময়ের বিবর্তনে ক্ষুদ্রঋণ আর এক জায়গায় নেই। একটা নীরব পরিবর্তন হয়ে গেছে এ খাতে। তিনি বলেন, ক্ষুদ্রঋণ এখন ক্ষুদ্র উদ্যোক্তাদেরও কাজে লাগছে।হোসনে আরা বেগম বলেন, বঙ্গবন্ধু যমুনা সেতু পার করে ঢাকায় পণ্য নিয়ে আসতে টোল দিতে হয়। অন্য এলাকার কৃষকদের তা দিতে হয় না। ঢাকায় পণ্য সরবরাহে সারা দেশের সঙ্গে সমতা আনার জন্য উত্তরবঙ্গের কৃষিপণ্যে টোল প্রত্যাহারের দাবি জানান তিনি।