
পয়লা বৈশাখে ঘরে ঘরে, ব্যবসাপ্রতিষ্ঠানে মিষ্টি খাওয়া ও অতিথি আপ্যায়নের বিষয়টি নতুন নয়। অনেক দিনের পুরোনো রেওয়াজ এটি। সময়ের সঙ্গে এতে যুক্ত হয়েছে করপোরেট প্রতিষ্ঠানগুলোও। বৈশাখের প্রথম দিনটি ঘিরে দেশে করপোরেট প্রতিষ্ঠানগুলোতে ‘উপহার’ বিতরণের একধরনের প্রথা চালু হয়েছে। করপোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানে এখন পয়লা বৈশাখের উপহার হিসেবে মিষ্টি বিতরণ করে থাকে।
তাই পয়লা বৈশাখে এসব চাহিদা সামনে রেখে মিষ্টির বাজারটিও চাঙা হয়। মিষ্টি ব্যবসার সঙ্গে সম্পর্কিত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাভাবিক সময়ে প্রতিদিন মিষ্টির যে চাহিদা থাকে, পয়লা বৈশাখের এক দিনেই তা কয়েক গুণ বেড়ে যায়। তবে এ বছর মিষ্টির সেই চাহিদায় কিছুটা ভাটা পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। আবার কেউ বলছেন, কাঁচামালের সংকটের কারণেও চাহিদা অনুযায়ী মিষ্টি তৈরি সম্ভব হচ্ছে না।
দেশব্যাপী মিষ্টি ও মিষ্টিজাতীয় সামগ্রীর উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান বনফুলের পরিচালক দিদারুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অন্যান্য বছর পয়লা বৈশাখের এক সপ্তাহ আগ থেকেই আমরা উল্লেখযোগ্য ক্রয়াদেশ পেয়ে যেতাম এবং সে অনুযায়ী উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হতো। কিন্তু গতবারের সঙ্গে তুলনা করলে এবার ক্রয়াদেশ অর্ধেকের চেয়েও কম। তাই এবার উৎপাদনও গতবারের চেয়ে কম।’
দিদারুল আলম চৌধুরী জানান, গত বছর বৃহত্তর ঢাকায় তাঁর প্রতিষ্ঠানের ৩০-৪০ টন মিষ্টি বিক্রি হয়েছিল। এবার সেখানে ২০ টন হবে কি না, তা নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি।
রাজধানীর বিজয়নগরের মুসলিম সুইটসের স্বত্বাধিকারী মোহাম্মদ আলীও জানান, এ বছর বৈশাখের প্রথম দিনটি ঘিরে মিষ্টির চাহিদা গতবারের চেয়ে কম। গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসাবাণিজ্যে যে মন্দা ভাব তৈরি হয়েছে, সেটিকে চাহিদা কমে যাওয়ার মূল কারণ বলে মনে করছেন এ ব্যবসায়ী।
মিষ্টি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পয়লা বৈশাখে মিষ্টির বড় ক্রেতাদের মধ্যে রয়েছে বিভিন্ন জুয়েলারি ও করপোরেট প্রতিষ্ঠান। কিন্তু এ বছর জুয়েলারি প্রতিষ্ঠান থেকে ক্রয়াদেশ খুব বেশি নেই বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।